মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নারী নিহত
নরসিংদী সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম ফিরোজা বেগম (৪০)। তিনি বেলাব উপজেলার দেওয়ানেরচর এলাকার সেন্টু মিয়ার স্ত্রী। তিনি শহরের বাসাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে আয়ার কাজ করতেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল রাতে কাজ শেষে ফিরোজা বেগম তাঁর কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকার লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে বাসটি ফিরোজা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘গতকাল গভীর রাতে নিহত নারীর পরিচয় নিশ্চিত হতে পেরেছি আমরা। আজ ওই নারীর লাশের ময়নাতদন্ত করা হবে। তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’