মহাসড়ক পুনর্নির্মাণে কাটতে হবে পাঁচ হাজার গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-খুলনা ও যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক পুনর্নির্মাণের জন্য ৬৫০ কোটি টাকার দুটি প্রকল্প গ্রহণ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রকল্প বাস্তবায়নে মহাসড়ক দুটির পাশের নানা প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ কেটে ফেলা হবে বলে সওজ জানিয়েছে। এর মধ্যে আছে বেশ কিছু শতবর্ষী গাছ।

প্রকল্প দুটির আওতায় যশোর-খুলনা মহাসড়কের যশোর অংশের ৩৮ কিলোমিটার এবং যশোর-বেনাপোল মহাসড়কের ৩৮ দশমিক ২০০ কিলোমিটার পুনর্নির্মাণ করা হবে। চলতি মাসেই দরপত্র আহ্বান করার কথা রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান মো. এনামুল কবীর বলেন, গাছগুলো কাটা উচিত হবে না। পাশে গাছ থাকলে সড়কের ক্ষয়রোধ হয়। রাতে গাছে আলো প্রতিফলিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি কমে। শতবর্ষী গাছগুলো মহিরুহ হিসেবে কাজ করে। ভারতের মতো এখানেও গাছগুলো মাঝখানে রেখে সড়ক সম্প্রসারণ করা সম্ভব।

সওজ বিভাগের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসড়ক দুটির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের জন্য ৬৫০ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্প গ্রহণ করা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে গত মার্চে প্রকল্প দুটির অনুমোদন হয়।

যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশের মোট দৈর্ঘ্য ৫০ দশমিক ৩২৫ কিলোমিটার। এর মধ্যে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার পুনর্নির্মাণ করা হবে। এ অংশ পুনর্নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩২১ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা। যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের ৩৮ দশমিক ২০০ মিটার পুনর্নির্মাণ করা হবে। যশোর শহরের দড়াটানা এলাকা থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত এ কাজ চলবে। এ অংশ পুনর্নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩২৮ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকা।

দুটি মহাসড়কই ৭ দশমিক ৩০ মিটার থেকে বাড়িয়ে ১২ দশমিক ৩০ মিটার প্রশস্ত করা হবে। দুই অংশেরই কাজ চলতি বছর শুরু হয়ে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

সওজ সূত্র আরও জানায়, মহাসড়ক দুটি পুনর্নির্মাণের জন্য পাশের বিভিন্ন প্রজাতির ৪ হাজার ৮৬৭টি গাছ কাটা হবে। যশোর-খুলনা মহাসড়কে ২ হাজার ৫৫৫টি এবং যশোর-বেনাপোল মহাসড়কে ২ হাজার ৩১২টি গাছ কাটা পড়বে বলে সওজের প্রকৌশলী জানিয়েছেন। এর মধ্যে ১০০ বছরেরও বেশি পুরোনো গাছ আছে। এদিকে গাছের মালিকানা নিয়ে যশোর জেলা পরিষদ এবং সওজ বিভাগের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ২৪ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তমন্ত্রণালয় বৈঠকে গাছের মালিকানা নির্ধারণ করা হবে। এরপর বৃক্ষপালন বিভাগ গাছগুলো বিক্রির জন্য প্রক্রিয়া শুরু করবে।

ঝিকরগাছার গদখালী এলাকার বাসিন্দা বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, ‘যশোর-বেনাপোল মহাসড়কের এই গাছগুলো আমাদের ঐতিহ্য। এগুলো কেটে ফেললে পরিবেশেরও ক্ষতি হবে। ভারতের পশ্চিমবঙ্গে যশোর রোডে গাছগুলোকে আইল্যান্ডে (সড়ক বিভাজক) রেখে সড়ক সম্প্রসারণ করা হয়েছে। আমরা চাই যশোর-বেনাপোল মহাসড়কও এভাবে সম্প্রসারণ করা হোক। এতে ঐতিহ্য রক্ষা পাবে, পরিবেশেরও ভারসাম্য থাকবে।’

সওজের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, চলতি মাসেই মহাসড়ক দুটি পুনর্নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। মহাসড়ক দুটির উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দুই পাশে থাকা প্রায় পাঁচ হাজার গাছ কাটা পড়বে।

প্রকল্প বাস্তবায়নে মহাসড়ক দুটির পাশের ৬২৫টি বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি সরাতে হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ২৪ লাখ টাকা।