মহাসড়কে উল্টে থাকা ট্রাকে ধাক্কা লেগে তরুণের মৃত্যু, হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্টে যাওয়া ট্রাকে ধাক্কা লেগে নিহত সাখাওয়াত হোসেন
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে উল্টে থাকা ট্রাকে ধাক্কা লেগে এক তরুণ নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। বড়াইগ্রাম থানায় আজ শুক্রবার দুপুরে নিহত তরুণের বাবার করা মামলায় আসামি করা হয়েছে ট্রাকটির অজ্ঞাতপরিচয় চালককে।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ওপর বৃহস্পতিবার সারা দিন একটি ট্রাক উল্টে ছিল। এ পথ ধরেই ওই দিন রাত আটটার মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন সাখাওয়াত হোসেন (৩০) নামের এক তরুণ। অন্ধকারে অবস্থান বুঝতে না পেরে তিনি ট্রাকটির সঙ্গে ধাক্কা খান। এতে মোটরসাইকেলটিতে তাৎক্ষণিক আগুন ধরে যায়। চালক সাখাওয়াত মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি বড়াইগ্রামের কালিকাপুর বেড়পাড়া গ্রামের আবদুল খালেকের একমাত্র ছেলে।

ঘটনাস্থলের পাশেই নুরে আলম ফিলিং স্টেশন। স্টেশনটির মালিক আবদুস সাত্তার বলেন, বিটুমিনবোঝাই ট্রাকটি বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। সারা দিনেও ট্রাকটি সেখান থেকে সরানো হয়নি। এমনকি রাত আটটাতেও সরানো হয়নি। দূর থেকে ট্রাকটি খেয়াল করতে না পেরে খাক্কা লেগে সাখাওয়াত হোসেন নামের এক তরুণের মৃত্যু হয়। এটা দুঃখজনক। ট্রাকটি দ্রুত সরানো গেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটত না। সাধারণত এ ধরনের দুর্ঘটনা ঘটলে হাইওয়ে পুলিশ ও যানবাহনের মালিক দ্রুত তা সরিয়ে ফেলেন। এ ক্ষেত্রে কেন তা হয়নি তিনি বুঝতে পারছেন না। ওই তরুণের মৃত্যুর পর ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নিহত সাখাওয়াতের বাবা আবদুল খালেক বলেন, ‘আমার এক ছেলে ও মেয়ে। মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে দিনমজুরি করে ছেলেকে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাস করিয়েছি। কিছু দিন ধরে সে ময়মনসিংহ জেলায় একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল। চাকরির করার সুবিধার্থে সে একটি মোটরসাইকেল কেনে। ছেলে বলেছিল, আর কয়েক দিন পর থেকেই পরিবারের হাল ধরবে। আমার কষ্ট দূর হবে। কিন্তু সেই কষ্ট আর দূর হলো না। মায়ের কাছে ফোন করে বলেছিল, আমি বাড়ি আসছি। অথচ বাড়িতে আসল লাশ হয়ে।’

আব্দুল খালেক প্রশ্ন করেন, সারা দিন উল্টে থাকা ট্রাকটি সরানোর দায়িত্ব কি হাইওয়ে পুলিশের ছিল না? ট্রাকটির চালকের পাশাপাশি তারা কি এর দায়দায়িত্ব নেবে না?

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, রাস্তার কাজ করা বিটুমিনবোঝাই ট্রাকটি উল্টে যায়। সেই বিটুমিন অপসারণ করতে সন্ধ্যা হয়ে যায়। এ কারণেই ট্রাকটিতে দুর্ঘটনা ঘটেছে। মালিক ট্রাকটি যথাসময়ে মহাসড়ক থেকে সরাতে ব্যর্থ হওয়ায় চালকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করে কার কী দায়িত্ব ছিল, তা বোঝা যাবে।