মহাসড়কে দায়িত্বরত অবস্থায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এসআই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশন–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসআই জাহাঙ্গীর আলম শেরপুরের সদর উপজেলার এতাবিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে জাহাঙ্গীর আলম মহাসড়কে টহল পুলিশের দায়িত্ব পালন করছিলেন। মহাসড়কের দক্ষিণ পাশে টহল পুলিশের পিকআপ ভ্যানটি রাখা ছিল। ওই ভ্যানের পাশে কনস্টেবল জাকিরসহ পিকআপ ভ্যানের চালক মহাসড়কের দক্ষিণ পাশে ছিলেন। আর মহাসড়কের উত্তর পাশে জাহাঙ্গীর আলম একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লাগামী অজ্ঞাত একটি গাড়ি জাহাঙ্গীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
সড়ক অন্ধকার থাকায় কী ধরনের গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিয়েছে, সেটা তাঁর সহকর্মীরা বলতে পারেননি। পরে জাহাঙ্গীরের সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুক্তা রানী ভূঁইয়া তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর জাহাঙ্গীরের কান ও নাক দিয়ে রক্ত ঝরছিল বলে জানা যায়।
এএসআই আবদুস সোবহান বলেন, নিহত জাহাঙ্গীরের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। খবর পেয়ে আজ শনিবার সকালে নিহত ব্যক্তির সদ্য এসএসসি উত্তীর্ণ ছেলে আবির হোসেন, অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জুঁই আক্তার ও স্ত্রী পারভীন আক্তার থানায় এসেছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।