মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোর-বেনাপোল মহাসড়কের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন অন্তত ৪০ জন। আজ শুক্রবার সকালে মহাসড়কের মালঞ্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত তোতা মিয়া (৩৫) বাসটির সহকারী ছিলেন। আহত ব্যক্তিরা ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

তোতা মিয়া যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের নজির সেখের ছেলে। তাঁর মরদেহ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পরিবারের সদস্যরা মামলা করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তোতা মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও আহত কয়েকজন যাত্রীর বরাতে জানা যায়, সকালে বেনাপোল থেকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে লোকাল বাসটি যশোর শহরের দিকে ছেড়ে আসে। বাসটি মালঞ্চি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তে বাসটি সড়কের পাশে উল্টে যায়। তখন বাসটির তলায় চাপা পড়ে সহকারী তোতা মিয়া মারা যান। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বাসের যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

যশোরের নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে।