মহাসড়কে বেপরোয়া পণ্যবাহী ট্রাক, সরাইলে তিন দিনে তিনটি খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ দুপুরে মহাসড়কের বৈশামুড়া এলাকায় রসুনবোঝাই ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়
ছবি: প্রথম আলো

ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে পণ্যবাহী ট্রাক। টানা তিন দিন এই মহাসড়কে তিনটি পণ্যবাহী ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিনের দুর্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি বিপুল পরিমাণ পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বেলা ১টার দিকে মহাসড়কের সরাইল অংশের বৈশামুড়া এলাকায় সিলেটগামী বেপরোয়া গতির পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা ৮ মেট্রিক টন পরিমাণ রসুনের অর্ধেকের বেশি পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।  

এই সড়কে পণ্যবাহী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে ট্রাকগুলোর গতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের দাবি জানান প্রত্যক্ষদর্শীরা।

এর আগে গত সোমবার সকাল ছয়টার দিকে মহাসড়কের সরাইল সদরের কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় বালুবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি একটি চলন্ত ভ্যানকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ভ্যানচালক সাগর মিয়া (২২) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে মহাসড়কে একই উপজেলার বিশ্বরোড মোড়ে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার কয়েক মিনিট আগেই অটোরিকশাটির চালক ও মালিক নবীর হোসেন নাশতা খাওয়ার জন্য অটোরিকশা থেকে নেমেছিলেন। এতে অল্পের জন্য বেঁচে যান তিনি। কিন্তু তাঁর উপর্জনের একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে এখন দিশেহারা হয়ে গেছেন নবীর হোসেন।

পণ্যবাহী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে দুমড়ে–মুচড়ে ফেলে
ছবি: প্রথম আলো

একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়কে পণ্যবাহী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে ট্রাকগুলোর গতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের দাবি জানান তাঁরা।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল প্রথম আলোকে জানান, নিহত সাগর মিয়ার বাবা নান্নু মিয়া ওই দিনই মামলা করতে চাইলেও আজ বুধবার পর্যন্ত কোনো মামলা করেননি। তবে গত দিনের দুর্ঘটনায় তিনটি ট্রাকের ব্যাপারে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সবগুলো ট্রাকের চালক পালাতক। এসব ট্রাকের মালিকেরা ট্রাকের কাগজপত্র নিয়ে এলে জিডিগুলো মামলায় পরিণত করা হবে।

শাহজালাল বলেন, পণ্যবাহী ট্রাকগুলো যে রকম গতিতে চলার কথা, সেটি মানা হচ্ছে না। আবার চালকদেরও বিশ্রামের ঘাটতি আছে। ফলে মহাসড়কে পণ্যবাহী ট্রাকগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।