মহাসড়কে মোটরসাইকেল চলছেই, তবে সংখ্যায় কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে মোটরসাইকেল। আজ দুপুরে গাজীপুরের চন্দ্রার তিন মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

‘আমাগোও তো ঈদ আছে। সারা বছরই মোটরসাইকলে দিয়া যাত্রী আনা–নেওয়া করি। ঈদ আইলে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যাই। ইনকামটাও একটু বেশি হয়। অহন মোটরসাইকেল চলতে দিতাছে না। কামডা খুব ভালা অয় নাই। টিপ না দিলে টাকা পামু না, আর টাকা না পাইলে ঈদ করমু কেমনে? তার লাইগ্যা একটু রিস্ক নিয়াই বের হইছি। পুলিশ দেখলে একটু পলাইয়া থাকি।’ কথাগুলো আশরাফুল ইসলামের। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ভাড়ায় চালিত মোটারসাইকেল চালান।

পবিত্র ঈদুল আজহায় ভাড়ায় চালিত মোটরসাইকেল (রাইড শেয়ারিং) শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলাচল করার কথা থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চালাচ্ছেন অনেকে। তবে সংখ্যায় আগের চেয়ে অনেক কম। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল, দুই মহাসড়কেই ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করছে। তবে বিভিন্ন পয়েন্টে পুলিশও তাঁদের থামানোর চেষ্টা করছে। অনেকেই নানা অজুহাত দেখিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ঢাকার মিরপুর এলাকার চাকরিজীবী আরাব হোসেন। মোটরসাইকেলে স্ত্রী–সন্তান নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। দুপুরের খাবার খাওয়ার জন্য গাজীপুরের খাড়াজোড়া এলাকায় একটি হোটেলে বসেন। সেখানে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের আগে বাসের কোনো টিকিট পাইনি। এখন যে বাসগুলো আছে, সেগুলোয় অনেক ভিড়। তাই স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলেই বাড়ি যাচ্ছি। আসার পথে দুই জায়গায় পুলিশ আটকেছিল। পরে ছেড়ে দিয়েছে।’ তাঁদের মতো আরও অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানালেন আরাব হোসেন।

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘এখন সবাই যানজট নিরসন নিয়ে ব্যস্ত সময় পার করছি। আগে যে পরিমাণ মোটরসাইকেল এখানে থাকত, সে পরিমাণ নেই। তারপরও পুলিশ মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করছে। অনেকেই ফাঁকি দিয়ে চলে যাচ্ছে।’

গাজীুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপকমিশনার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশ দিয়ে থাকা ফিডার রোড দিয়ে কিছু মোটরসাইকের চলাচল করছে। তবে সেটি খুবই কম। তারপরও বিভিন্ন পয়েন্টে থাকা পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া আছে মোটরসাইকেল যাতে চলতে না পারে।

প্রসঙ্গত, ৩ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদুল আজহায় ভাড়ায় চালিত মোটরসাইকেল মহাসড়কে চলতে পারবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন সারা দেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।