মহাসড়কের পাশ থেকে চাদর মোড়ানো দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চাদর মোড়ানো অবস্থায় দুই অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঘাব ইউনিয়নের সোনাইমুড়ি টিলাসংলগ্ন শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঝোপ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁদের শ্বাস রোধ করে হত্যার পর চাদরে মুড়িয়ে লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁদের দুজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একটি ঝোপে দুটি চাদরে মোড়ানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও শিবপুর থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তিদের একজনের গলায় মাফলার প্যাঁচানো ও অন্যজনের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে লাশ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত একজনের পরনে ছিল জিনস ও ধূসর রঙের ফুলহাতা টি–শার্ট। অন্যজনের পরনে ছিল জিনস ও জলপাই রঙের হাফহাতা টি–শার্ট।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া, ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মো. নূর হায়দার তালুকদার।

মো. নূর হায়দার তালুকদার জানান, স্থানীয় ব্যক্তিদের ফোন পেয়ে তাঁরা প্রথমে ভেবেছিলেন এটি দুর্ঘটনা। কিন্তু লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি নিয়ে শিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এনায়েত হোসেন মান্নান জানান, নিহত ব্যক্তিদের গলায় ও মুখে কিছু চিহ্ন পেয়েছেন তাঁরা। নিহত ব্যক্তিদের নাক দিয়ে রক্ত ঝরছে এবং জিব কামড় দেওয়া অবস্থায় ছিল। লাশ দেখে মনে হয়, মাফলার ও ওড়না দিয়ে পেঁচিয়ে তাঁদের শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে তাঁদের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মো. সালাউদ্দিন মিয়া বলেন, তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।