মহেশখালীতে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১ হাজার ৫৫০টি ইয়াবা বড়িসহ স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আলতাফ হোসেন (৪৫)।
গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়ন মৌলভীকাটা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে আলতাফ হোসেনের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আলতাফ হোসেন শাপলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা।
মহেশখালী থানা পুলিশ জানায়, গতকাল রাত তিনটার দিকে আলতাফ হোসেন মৌলভীকাটা এলাকার নিজ বাড়িতে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০টি ইয়াবাসহ আলতাফ হোসেনকে আটক করে। এ ঘটনায় আজ সকালে মামলা হয়েছে।
স্থানীয় শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি বলেন, আলতাফ হোসেন শাপলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে কোনো পদ নেই তাঁর।
জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, আলতাফ হোসেনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।