মহেশখালীতে পানে মড়ক চাষিদের মাথায় হাত
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে পানখেতে মড়ক দেখা দিয়েছে। সম্প্রতি টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানের গোড়াপচা রোগ দেখা দিয়েছে। বিপুল পরিমাণ পান নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। এবারের লাভ তো দূরের কথা, চাষের খরচ উঠবে কি না এমন আশঙ্কা তাঁদের।
পানচাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগস্ট মাসের শুরুতেই একটানা পাঁচ দিন বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানের বরজে গোড়াপচা রোগ দেখা দেয়। ঠাকুরতলার পানচাষি দেবেন্দ্র লাল দে বলেন, চলতি মাসের শুরু থেকে হাটবাজারে পানের দাম হু-হু করে বাড়ছে। কিন্তু ভারী বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে গোড়াপচা রোগে খেতের পান মরে যাচ্ছে।
এতে বরজে আশানুরূপ পান উৎপাদন হচ্ছে না। হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার চাষি মনির আহমদ বলেন, বৃষ্টির কারণে পানখেতে মড়ক দেখা দিয়েছে। তাই একেকজন পানচাষির ৩০-৪০ হাজার টাকা লোকসান গুনতে হবে।
স্থানীয় জনতাবাজারের পানের হাটের পরিচালক মোহাম্মদ কাউসার হোসেন বলেন, ভরা মৌসুমে পান উৎপাদন তেমন হচ্ছে না। আর বৃষ্টিতে পানের বরজে বিভিন্ন রোগ দেখা দেওয়ায় চাষিরা পান বিক্রি করার জন্য বাজারে তেমন আসছেন না। এতে চাষিদের পাশাপাশি ব্যবসায়ীদেরও লোকসান হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক হাজার ৩৫০ হেক্টর পাহাড়ি বরজ রয়েছে। প্রতি হেক্টর জমিতে ছয়টি পানের বরজ করা যায়। আর পানের বরজের সংখ্যা আট হাজার। পানচাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। এক হেক্টর জমিতে পান চাষ করতে চাষিদের খরচ হয় ছয় লাখ ৫৫ হাজার টাকা।
বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদন হয়। চাষিরা খরচ বাদ দিয়ে প্রতি হেক্টরে প্রায় নয় লাখ ৫৭ হাজার টাকা লাভ করেন। তবে খেতে মড়ক দেখা দেওয়ায় এ বছর চাষিরা লাভবান হবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে পানে গোড়াপচা রোগ দেখা দিয়েছে। খেত থেকে মরে যাওয়া পান সরিয়ে নিতে চাষিদের পরামর্শ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি রোগ প্রতিরোধে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে ব্লক সুপারভাইজারদের মাধ্যমে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।