মহেশখালীতে ভুতুড়ে বিল নিয়ে বিপাকে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর মাসে বিদ্যুৎ ব্যবহার করেছেন ১২০ ইউনিট। কিন্তু বিল এসেছে ২৩৫ ইউনিটের। টাকার হিসাবে ১ হাজার ৪২৬ টাকা। এমন ভুতুড়ে বিল পেয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। কেবল আনোয়ার নন, উপজেলার পল্লী বিদ্যুতের বহু গ্রাহক এমন ভুতুড়ে বিল পাচ্ছেন প্রতি মাসে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকের সংখ্যা ১৭ হাজার। গ্রাহকদের কাছে প্রতি মাসে বিল পৌঁছে দেন আটজন মিটার রিডার। এঁরা মিটার না দেখেই বিল দিচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের।
পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গড়ে প্রতিদিন তিন থেকে চারটি ভুতুড়ে বিলবিষয়ক অভিযোগ জমা পড়ে বলে জানান কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাশার শামছুদ্দিন আহাম্মদ। তিনি বলেন, ‘ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে গড়ে দিনে চার-পাঁচজন গ্রাহক আমার কাছে লিখিত অভিযোগ করেন। পরে মিটার যাচাই করে গ্রাহকদের সমস্যা সমাধান করা হয়।’ তিনি আরও বলেন, কিছু কিছু বিদ্যুৎকর্মী বাড়িতে না গিয়ে নিজ ঘরে বসে বিল করছেন। এ কারণে মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিল মিলছে না। ভুতুড়ে বিল করার অভিযোগে ইতিমধ্যে চার বিদ্যুৎকর্মীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে জড়িত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার গ্রাহক আবদুুর রহমান বলেন, ‘বাড়িতে বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ৮৩ ইউনিট। অথচ বিদ্যুৎ অফিস থেকে বিল দিয়েছেন ৩৭০ ইউনিটের। এত টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই বলে পল্লী বিদ্যুৎ অফিসে ধরনা দিয়েছি। তবে এখনো বিষয়টি সুরাহা হয়নি।’
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা রিদুয়ান কাদের বলেন, গ্রামের লোকজন মিটার রিডিং কী, তা জানে না। আর যাঁরা সচেতন তাঁরাই বিলের সঙ্গে মিটার রিডিং মিল আছে কি-না, তা খতিয়ে দেখছেন। অতিরিক্ত বিলের বিষয়টি ধরতে পেরে অনেকেই বিদ্যুৎ অফিসে অভিযোগ করছেন। তবে বিদ্যুৎ অফিসে ধরনা দিলেও মনগড়া বিলের বিষয়ে তেমন কোনো সমাধান মিলছে না। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত বিল দিতে হচ্ছে গ্রাহকদের।
ভুতুড়ে বিলের বিষয়ে জানতে চাইলে মাতার বাড়ি ইউনিয়নের মিটার রিডিং এর দায়িত্বরত বিদ্যুৎকর্মী মহাজন রিপন হোসেইন বলেন, মিটার দেখেই বিল করা হচ্ছে। না দেখে বিল করার প্রশ্নই ওঠে না।