মহেশখালীর আদিনাথ মেলায় তীর্থযাত্রীদের ঢল, ভোগান্তি-চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর জেটিঘাটে বাঁশের সাঁকো বানিয়ে ভাটার সময় ভেসে ওঠা কাঁদার চর অতিক্রম করে স্পিডবোটে যেতে হয় যাত্রীদের। সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা মহেশখালীর মৈনাক পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের আদিনাথ মন্দির। ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ১০ দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলা। প্রতিদিন অন্তত ১০-১৫ হাজার মানুষ কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মহেশখালী যাতায়াত করছেন। এর মধ্যে ৪৫ শতাংশ তীর্থযাত্রী ও পর্যটক। কিন্তু সাত কিলোমিটারের এই নৌপথ পাড়ি দিতে তীর্থযাত্রীসহ পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভাটার সময় হাঁটুপানি ও কাদামাটি মাড়িয়ে কিংবা কাদামাটির ওপর বাঁশ ফেলে তার ওপর হেঁটে নৌযানে উঠতে হচ্ছে। ঝুঁকি নিয়ে নৌযানে উঠতে গিয়ে অনেকে পানিতে ছিটকে পড়ছে। এর ওপর চলে পর্যটক ও তীর্থযাত্রীদের কাছ থেকে মাথাপিছু অতিরিক্ত ২০ টাকা চাঁদা আদায়।

শহর থেকে মহেশখালী যাতায়াতে নৌপথ ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। এই নৌপথে সকাল-সন্ধ্যা চলাচল করে ১৩০টি স্পিডবোট ও ৫০টি কাঠের ট্রলার। শহর থেকে স্পিডবোটে মহেশখালীর গোরকঘাটা গেলে ভাড়া লাগে ৮৫ টাকা। গোরকঘাটার উত্তরে আদিনাথ মন্দির জেটিতে গেলে স্পিডবোটের ভাড়া ১২০ টাকা পরিশোধ করতে হয়। এর বাইরে পর্যটক ও তীর্থযাত্রীদের শহরের ৬ নম্বর জেটিঘাট ও আদিনাথ জেটিঘাটে ওঠানামায় ২০ টাকা, আরও ৪০ টাকা চাঁদা দিতে হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটে গিয়ে দেখা গেছে, শত শত তীর্থযাত্রী ও সাধারণ মানুষ স্পিডবোটে ওঠার জন্য কাঠের সাঁকোতে অপেক্ষায় আছে। ঘাট পারাপারের বিপরীতে স্থানীয় লোকজন থেকে পাঁচ টাকা আর পর্যটক ও তীর্থযাত্রীদের কাছ থেকে মাথাপিছু ২০ টাকা চাঁদা নিচ্ছেন রফিক নামের এক ব্যক্তি। চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে রফিক বলেন, তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটের খাস-কালেকশন (ইজারা) আদায় করছেন। এ ঘাটের ইজারাদার নেই।

ছয়জনের ধারণক্ষমতার প্রতিটি স্পিডবোটে ৯ থেকে ১২ যাত্রী নেওয়া হচ্ছে। সমুদ্র পারাপারের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হলেও সরবরাহ করা হচ্ছে না।

এ প্রসঙ্গে একটি স্পিডবোটের চালক নুরুল আলম বলেন, মহেশখালী যেতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। অল্পসময়ের জন্য লাইফ জ্যাকেট দরকার পড়ে না, তা ছাড়া সাগরও শান্ত।

অতিরিক্ত যাত্রীবোঝাই প্রসঙ্গে আরেকটি স্পিডবোটের চালক সোহেল আহমদ বলেন, আগে প্রতিটি স্পিডবোটে ১১ জন নেওয়া হতো, ভাড়া ছিল ৭৫ টাকা। এখন ৯ যাত্রী তোলার নিয়ম, ভাড়া ৮৫ টাকা। কাঠের ট্রলারে জনপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা, এখন ৫০ টাকা।

স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য নিয়ে আদিনাথ মেলায় যাচ্ছিলেন বরিশালের ব্যবসায়ী রতন কান্তি দে। তিনি অভিযোগ করেন, স্পিডবোট-সংকটের কারণে তাঁদের নড়বড়ে কাঠের সাঁকোতে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাঠের সাঁকো পারাপারের নামে ২০ টাকা করে চাঁদা দিতে হয়েছে। অথচ স্থানীয় লোকজনের এ চাঁদা দিতে হচ্ছে না।

কুমিল্লার আরেক তীর্থযাত্রী হারাধন চন্দ্র বলেন, কাঠের জেটি থেকে স্পিডবোটে উঠতে হয় লাফ দিয়ে। পুরুষেরা কয়েকটা স্পিডবোটের ওপর দিয়ে হেঁটে নির্দিষ্ট স্পিডবোটে ওঠেন কোনোমতে। কিন্তু নারী-শিশুদের লাফঝাঁপ দিয়ে স্পিডবোটে ওঠানামা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এত দূর থেকে মানুষ আসছে, অথচ এখানে সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা নেই।

মহেশখালীর আইনজীবী নোমান শরীফ বলেন, গোরকঘাটা জেটিঘাট থেকেই প্রতিবছর অর্ধকোটি টাকা রাজস্ব আসে। এ টাকায় জেটির সম্মুখভাবে (পানির দিকে) সম্প্রসারণ করা সম্ভব। এখন ভাটার সময় গর্ভবতী নারী, গুরুতর অসুস্থ রোগী ও বয়োবৃদ্ধদের হাঁটুপানি ও কাদামাটি মাড়িয়ে নৌযানে ওঠানামা করা খুবই বিপজ্জনক।

আদিনাথ মন্দিরের আশপাশ ও নিচের খোলামাঠে বসেছে মেলা। মেলায় নানা পণ্য বিক্রির চার শতাধিক দোকানপাট আছে। কয়েক হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছে। সেখানে স্বাস্থ্যবিধির বালাই নেই।

আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী বলেন, মেলার শুরু থেকেই পর্যটক ও তীর্থ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। জেলা পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে ইজারা আদায়কারীদের বৈঠক হয়েছে। সেখানে তীর্থ যাত্রীদের কাছ থেকে ২০ টাকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অনেকে অভিযোগ করেন, এ সিদ্ধান্ত মানা হচ্ছে না।

জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে কক্সবাজার-মহেশখালী নৌপথের ইজারাদার নেই। ২০১০ সালে সর্বোচ্চ ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা দিয়ে ঘাটটি ইজারা নিয়েছিলেন মহেশখালীর এক ব্যবসায়ী। এর বিরুদ্ধে আরেক ব্যক্তি উচ্চ আদালতে মামলা করলে ঘাটের ইজারা স্থগিত হয়। এর পর থেকে জেলা প্রশাসন ঘাট পারাপারের বিপরীতে খাস কালেকশন আদায় করে আসছে। এ জন্য দুই প্রান্তের তিনটি ঘাটে তিনজনকে ইজারা আদায়কারীর দায়িত্বে রাখা হয়।

খাস কালেকশন আদায়ের সত্যতা নিশ্চিত করে মহেশখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাট পারাপারে তীর্থযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ইজারা আদায় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কেউ নিচ্ছেন কি না, তার খোঁজ নেওয়া হচ্ছে। ভাটার সময় কাদামাটি ও হাঁটুপানি মাড়িয়ে লোকজনকে জেটিতে ওঠানামার ক্ষেত্রে সতর্ক করে প্রচারণা চালানো হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি মেলার চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে ৯ মার্চ সন্ধ্যায়।