দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে পিছিয়ে থাকাদের একটি কড়া সম্প্রদায়। দিনাজপুরে এই সম্প্রদায়ের ২৮টি পরিবারের বাস। এই প্রথম এই সম্প্রদায় থেকে লাপোল কড়া নামের এক তরুণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রাজিউল ইসলাম।
প্রথম আলো: কেমন আছেন?
লাপোল: বেশে হেইও (অনেক ভালো আছি)। পরিচিত-অপরিচিত অনেক মানুষ ফোন করছেন। খোঁজখবর নিচ্ছেন।
প্রথম আলো: বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ দিন ছিল আজ (বৃহস্পতিবার)? ভর্তি হয়েছেন?
লাপোল: ভর্তিতে ১৬ হাজার টাকা লাগবে। আমার কাছে ৭ হাজার টাকা আছে। দু-এক দিনের মধ্যে টাকাটা জোগাড় হলেই ভর্তি হব। বিশ্ববিদ্যালয়ের স্যারদের (শিক্ষকদের) সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, অপেক্ষমাণ তালিকায় থাকাদের ভর্তির শেষ সময় ২৭ জানুয়ারি। আমি ওই সময় পর্যন্ত ভর্তি হতে পারব।
প্রথম আলো: আপনার সম্প্রদায়ে আপনিই প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন। কেমন লাগছে?
লাপোল: এখনো তো ভর্তিটাই হতে পারিনি। তারপরও ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের খবরটি জানার পর আমাদের পাড়ার সবাই আনন্দ করেছে। তবে পরের দিনগুলো কেমন যাবে, বুঝতে পারছি না। আমাদের আর্থিক অসচ্ছলতার কথা তো জানেনই।
প্রথম আলো: কেমন যাবে কেন বুঝতে পারছেন না?
লাপোল: আসলে বিশ্ববিদ্যালয়ে খরচ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। অবশ্য একটি প্রতিষ্ঠান মাসে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেবে বলে জানিয়েছে। পাশাপাশি টিউশনি করব। আশঙ্কা যা-ই থাক, মনোবল রাখছি। এত দূর যেহেতু আসতে পেরেছি, বাকি পথটাও যেতে পারব।
প্রথম আলো: শুনলাম আপনার বোনও ঢাকার একটি স্কুলে ভর্তি হয়েছে?
লাপোল: আমাদের পরিবারের সদস্য চারজন। বাবা আমার ছোটবেলায় মারা গেছেন। বড় ভাই সাপোল কড়া শারীরিক প্রতিবন্ধী। ছোট বোন পূর্ণিমাকে ঢাকার মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করানো হয়েছে। তাকেও মাসে ৫ হাজার টাকা করে দিতে হবে।
প্রথম আলো: বাবা মারা যাওয়ার পর সংসার চলত কীভাবে?
লাপোল: মা অন্যের জমিতে কাজ করে সংসার চালিয়েছেন, আমাকে পড়িয়েছেন। আমিও বেশির ভাগ সময় কাজ করতাম। তাই নিয়মিত স্কুলে যেতে পারতাম না। বাড়ির রান্না শেষ করে বোনও মায়ের সঙ্গে কাজে যেত। সকালে চায়ের সঙ্গে চাল ভাজা খেয়ে আমাদের দিন শুরু হতো। দুপুরে মাঝেমধ্যে খাবার জুটত না। একবারে রাতে খেতাম। শুধু আমাদের নয়, পাড়ার প্রায় সবারই একই অবস্থা দেখেছি।
প্রথম আলো: তাহলে আপনার এ পর্যন্ত আসার পেছনে মায়ের অবদানই বেশি?
লাপোল: অবশ্যই। মা নিজে পড়ালেখা জানেন না। কিন্তু আমি যেন পড়াশোনা করি, সে জন্য সব সময় তাগিদ দিতেন। মাঝেমধ্যে মনে হতো পড়াশোনা আর হবে না। কিন্তু মায়ের কথায় সাহস পেয়েছি।
প্রথম আলো: স্কুল কোনটি ছিল?
লাপোল: হালজাই উচ্চবিদ্যালয় (দিনাজপুরের বিরল উপজেলায়)। আমার ক্লাসে ৯০ জন ছাত্রছাত্রী ছিল। স্কুলে প্রথম বেঞ্চে কোনো দিন বসা হয়নি। প্রথম প্রথম স্যারদের ভাষা ঠিকমতো বুঝতাম না। কেউ কেউ তুচ্ছতাচ্ছিল্যও করত।
প্রথম আলো: থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে কেন ভর্তি হচ্ছেন?
লাপোল: ভালোবাসা থেকে। আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। থিয়েটার বা নাট্যকলায় পড়লে এই বিষয়গুলো সংরক্ষণ ও চর্চা করতে পারব। বিশ্বদরবারে তুলে ধরতে পারব আশা করি।
প্রথম আলো: জীবনের লক্ষ্য কী?
লাপোল: একজন সফল নাট্যকার হওয়া। আকাঙ্ক্ষা হলো, কড়া সম্প্রদায় থেকে যেন আমি শেষ বিশ্ববিদ্যালয়পড়ুয়া না হই।