মা ঘরে ঢুকে দেখলেন ছেলের গলা কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় গরুর জন্য মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরে মা দেখলেন, তাঁর ছেলের গলা কাটা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নাম তাওহীদ সরকার (৫)। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত তাওহীদের মায়ের নাম দুলালী খাতুন। তাঁর স্বামী আবদুল গফুর মালয়েশিয়াপ্রবাসী। দুই বছর ধরে মালয়েশিয়ায় আছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাওহীদ বাড়িতে তাঁর মা ও দাদা-দাদির সঙ্গে থাকত। শুক্রবার সকাল ১০টার দিকে তাওহীদের মা দুলালী খাতুন ছেলেকে বাড়িতে রেখে তাঁর শাশুড়ি গোলাপী খাতুনের সঙ্গে বাড়ির পাশে ভুট্টাখেতে যান গরুর জন্য ঘাস আনতে। এরই মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাওহীদকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে চলে যায়। ঘাস নিয়ে দুলালী খাতুন বাড়ি ফরে ঘরের ভেতরে ঢুকে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাঁর ছেলে, তার গলা কাটা। এ সময় তাঁর চিৎকার শুনে দেবর সোলাইমান আলী ঘটনাস্থল থেকে তাওহীদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানেই তাওহীদ মারা যায়।

নিহত তাওহীদের চাচা সোলাইমান আলী বলেন, তাওহীদের মা রক্তাক্ত অবস্থায় তাঁর ছেলেকে বুকে নিয়ে চিৎকার করছিলেন। চিৎকার শুনে তাঁর কোল থেকে রক্তাক্ত তাওহীদকে নিয়ে হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা জানান তাওহীদ আগেই মারা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পাঁচ বছরের শিশু তাওহীদের গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি বাড়ির পাশ থেকে জব্দ করা হয়েছে।