মা-ছেলে পাঁচ বছর পর তালাবন্দী থেকে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয় এক মা ও তাঁর ছেলেকে। গতকাল বুধবার বিকেলে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি এলাকার একটি বাড়ি থেকে পুলিশ দুজনকে ওই ঘরের তালা ভেঙে উদ্ধার করে। 
মা জাহানারা বেগম রোজী (৪৫) ও ছেলে মেহেদী ইসলামকে (১১) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০০৯ সালের শেষ দিক থেকে মা-ছেলে ওই ঘরে বন্দী ছিলেন।
দীর্ঘ সময় ঘরে বন্দী থেকে মা জাহানার বেগম মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন এবং ছেলে মেহেদী ইসলাম অসুস্থ মায়ের সঙ্গে সল্প আলোতে থেকে চোখের সমস্যাসহ নানা রোগে আক্তান্ত।
এলাকাবাসী জানান, জাহানারা বেগম ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভের পর ঢাকার একটি কলেজে শিক্ষকতা করতেন। স্বামী আবুল কালাম আজাদ ভূঁইয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তাঁদের এক সন্তান জন্মের পর স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে। তখন জাহানারা বেগমের কিছুটা মানষিক সমস্যা দেখা দেয়। কলেজের চাকরি ছেড়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফেনীতে চলে আসেন।
একপর্যায়ে জাহানারার বড় ভাই শেরশাহ তাঁর বোন ও ভাগনেকে বাড়ির একটি ছোট ঘরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। বড় ভাই শেরশাহ ঢাকায় বসবাস করেন। একই বাড়ির অপর একটি ঘরে ভাড়াটিয়া বাস করে। সেই ঘরের ভাড়ার চার হাজার টাকায় চলত গৃহবন্দী মা-ছেলের খাওয়াদাওয়া। তাদেরকে বাইরে থেকে জানালা দিয়ে খাবার দেওয়া হতো। ঘরে থাকা পাখাটিও নষ্ট হয়ে গেছে বহু আগে। ঘরে আলো বলতে একটি মাত্র স্বল্প আলোর বৈদ্যুতিক বাতি।
জাহানারার ছোট দুই বোন নুরুচ্ছাফা (৪০) ও নুরুন্নাহার (৩৮) ফেনী সদর হাসপাতালে গতকাল রাতে বলেন, ‘পাঁচ বছর নয়, দুই বছর ধরে আমরা দুই বোন জাহানারা আর তাঁর ছেলেকে বন্দী করে রেখেছি। আমার বড় ভাই শেরশাহর কোনো দোষ নেই। জাহানারা ঘর থেকে বের হয়ে বাইরে বের হয়ে যাবে, এই জন্য তাকে বন্দী করে রেখেছি।’
তবে প্রতিবেশীদের ভাষ্যমতে, বড় ভাই শেরশাহ কোনো চিকিৎসা না করিয়ে তাঁর বোন ও ভাগনেকে আটকে রেখেছেন এবং তাঁদের সঙ্গে কথাবার্তা বলা বা দরজা খুলে দিতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিষেধ করে দিয়েছেন। ঘরের জানালা দিয়ে বাইরে কাউকে দেখলেই শিশু মেহেদী ইসলাম তাদের উদ্ধারের আকুতি জানাত।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ পাঁচ বছর এক ঘরে বন্দী থাকা মা ও ছেলেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা মা ও ছেলেকে হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করে বলেন, মা জাহানারা বেগম মানসিক বিকারগ্রস্ত রোগী এবং ছেলে মেহেদী ইসলাম দীর্ঘদিন অল্প আলোতে থেকে রিকেস্ট হয়ে গেছে। চিকিৎসা হলে সে ভালো হয়ে উঠবে। ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক সন্ধ্যায় মা ও ছেলেকে দেখতে হাসপাতালে যান।
গতকাল সন্ধ্যায় মা-ছেলের সঙ্গে কথা বলার সময় দুজনই কিছু অসংলগ্ন কথা বলে।