মা-ছেলেকে পিষে দিয়ে পালিয়ে গেল ট্রাকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাত বছরের ছেলে লিখনকে নিয়ে বাসার কাছেই দোকানে ডিটারজেন্ট কিনতে গিয়েছিলেন লিলিমা আক্তার। ফেরার পথে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের পিষে দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হন। ঘটনাটি আজ সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় ঘটেছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

নিহত ব্যক্তিরা হলেন রংপুরের সদর কোতোয়ালি থানার সিরিরামপুর এলাকার মশিউর রহমান বাশারের স্ত্রী লিলিমা আক্তার (২৮) ও তাঁদের সাত বছরের ছেলে লিখন বাবু সম্রাট।

ডিটারজেন্ট কিনে বাড়িতে ফেরার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে মা-ছেলে দুজনই ঘটনাস্থলে মারা যান।

এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের পরিবারিক সূত্রে জানা গেছে, মশিউর রহমান তাঁর স্ত্রী লিলিমা, মেয়ে সুমাইয়া আক্তার বিথি ও ছেলে লিখনকে নিয়ে জীবিকার খোঁজে বছরখানেক আগে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তাঁরা উপজেলার সাহেববাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে ভাড়া থেকে মশিউর রহমান রডমিস্ত্রির ও তাঁর স্ত্রী লিলিমা স্থানীয় একটি সুতার কারখানায় কাজ করে আসছিলেন। আজ বিকেল তিনটার দিকে লিলিমা তাঁর ছেলে লিখনকে নিয়ে ভাড়াবাসার পাশে একটি দোকানে ডিটারজেন্ট কিনে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে মা-ছেলে দুজনই ঘটনাস্থলে মারা যান।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা যায়নি।