মা পাহারা দেন, মেয়ে করে চুরি
বোরকা পরে মা আর কিশোরী মেয়ে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। মা জিনিসপত্রের দরদাম নিয়ে দোকানদার বা কর্মচারীর সঙ্গে কথা বলায় ব্যস্ত থাকেন। এ সুযোগে মেয়ে মালামাল চুরি করে। কাজ শেষ হলে তাঁরা চলে যান। এ রকম একটি দোকানে চুরি করতে গিয়ে মা-মেয়ে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায়।
দোকানমালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ বাজারের মুদিদোকানি খোরশেদ স্টোরের মালিক হাসান আহমদ ১৮ জুন তাঁদের প্রতিষ্ঠানে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করেন। পরদিন ১৯ জুন দোকানের প্রায় দুই হাজার টাকার মালামাল চুরি হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত দুই নারী এসব মালামাল চুরি করে নিয়েছেন ।
আবার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোরকা পরা দুই নারী দোকানে ঢুকলে মালিক হাসানের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁদের একজন তাঁকে বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞেস করেন। অপরজন প্রায় ৪০০ টাকা মূল্যের দুটি তেলের বোতল চুরি করে বোরকার ভেতরে লুকিয়ে রাখেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও এ দৃশ্য রয়েছে। পরে তাঁরা ওই দুই নারীকে আটকে রেখে স্থানীয় বাজার পরিচালনা কমিটির নেতাদের খবর দেন।
ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে দুই নারী চুরির বিষয়টি স্বীকার করেন। তাঁরা সম্পর্কে মা-মেয়ে। তাঁদের বাড়ি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে। মায়ের বয়স ৩০ ও মেয়ের বয়স ১৩। পরে চুরি করা মালামাল তাঁরা ফেরত দেন।
দোকানদার হাসান আহমদ বলেন, জিজ্ঞাসাবাদে মেয়ের মা বলেন, তাঁরা প্রায়ই বিভিন্ন দোকানে যান। তিনি দোকানদার ও কর্মচারীকে পাহারা দেন। আর মেয়ে মালামাল চুরি করে। নারী ও মানবিক বিবেচনায় তাঁদের পুলিশে দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে তাঁরা এ ধরনের কাজ করবেন না বলে তাঁরা লিখিত মুচলেকা দিয়েছেন।