মাংস কাটার খাইট্টা ব্যবসা জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে খাইট্টা ব্যবসা জমে উঠেছে। তেতুঁল কাঠ অপেক্ষাকৃত শক্ত। তাই পশুর মাংস কাটার কাজে এই কাঠের খাইট্টা ব্যবহার করে থাকেন কসাইরা। সাধারণ মানুষের অনেকেই এই কাঠের খাইট্টা কিনে থাকেন।
আর এক দিন পরই ঈদ। মানুষের চাহিদার কথা বিবেচনা করে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা এসব খাইট্টার পসরা নিয়ে বসেছেন। শহরের রেললাইনের পাশে ও পাড়া-মহল্লার মোড়ে মোড়ে এই ব্যবসা জমে উঠেছে। বিভিন্ন মাপের বিভিন্ন দামের এসব খাইট্টা সাজিয়ে রাখা হয়েছে। ৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে তেতুঁল কাঠের খাইট্টা মিলছে।
খাইট্টা বিক্রেতা আসলাম ও নূর এ সাফা বলেন, কাঠের মধ্যে তেঁতুল গাছের কাঠ অত্যন্ত শক্ত ও মজবুত। প্রতিবছর কোরবানির ঈদ সামনে রেখে তাঁদের মতো ক্ষুদ্র মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন করাতকল ও মহাজনের কাছ থেকে কাজে লাগে না এমন ছোট ছোট কাঠের গুঁড়ি কেনেন। এরপর সেগুলো মাংস কাটার উপযোগী করে নির্দিষ্ট মাপে টুকরা করে খাইট্টা তৈরি করেন।
তাঁরা আরও বলেন, অন্য গাছের কাঠের তৈরি খাইট্টা দা বা ছুরির আঘাত তেমন সহ্য করতে পারে না। ফলে কাঠ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা উঠে মাংসে লেগে থাকে। যা পরে মাংস থেকে ছড়াতে বেশ বেগ পেতে হয়। কিন্তু তেঁতুল গাছের কাঠ শক্ত ও মজবুত হওয়ায় সাধারণত এমনটি খুব কম হয়। তাই কোরবানির পশুর মাংস কাটতে এই কাঠের খাইট্টা ক্রয় করে থাকেন ক্রেতাসাধারণ। কসাইরা সারা বছরই এই কাঠের খাইট্টা ব্যবহার করেন।