মাইক্রোবাস খাদে পড়ে চীনের আট নাগরিক আহত
বরিশালের গৌরনদী উপজেলাতে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ নয়জন আহত হয়েছেন। ওই গাড়িতে চীনের আট নাগরিক ছিলেন। বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাওয়ার পথে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাইক্রোবাসচালক কবির হোসেনের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেল্লাল হোসেন বলেন, ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে চীনের নাগরিকেরা আমতলী পাওয়ার প্লান্টে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন প্রকৌশলী ছিলেন।
ওসি আরও বলেন, পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম।
ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার বিপুল হোসেন বলেন, তাঁদের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ান আবদুস সালাম বলেন, অবস্থার অবনতি ঘটলে আহত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।