মাইক্রোবাসে বহন করা হচ্ছিল দেড় মণ গাঁজা, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসে তল্লাশি করে ৬২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটজনকে আটক করা হয়
ছবি: প্রথম আলো

মাইক্রোবাসে করে নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধবিহারে বেড়াতে যাচ্ছিলেন একদল তরুণ-তরুণী। সন্দেহ হলে নাটোর র‌্যাব ক্যাম্পের র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে দেড় মণ গাঁজা জব্দ করেন।

এ সময় আটক করা হয় আট তরুণ-তরুণীকে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আটজন হলেন কুমিল্লা সদর উপজেলার সোহেল মিয়া (২৮), জুয়েল আহম্মেদ (২৪), কাউছার আহম্মেদ (২৩), নিয়ামত হোসেন (২৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রুহুল আমিন (২৫), শাকিল আহম্মেদ (২৫), সাদিয়া আক্তার (১৯) ও খোরশেদ আলম (২৭)।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) ফরহাদ হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে নওগাঁর পাহাড়পুরে বৌদ্ধবিহারে বেড়াতে যাচ্ছিলেন তাঁরা। সন্দেহ হওয়ায় র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিতে তল্লাশি করেন। তল্লাশি করতে গিয়ে মাইক্রোবাস থেকে ৬২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী বলে জানান। দেশের বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলাও আছে বলে তাঁরা স্বীকার করেন।

কোম্পানির উপ-অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) মো. রফিকুল ইসলাম বলেন, জব্দ করা গাঁজা, মাইক্রোবাসসহ আটক আট তরুণ-তরুণীকে বগুড়ার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের নামে মামলার প্রস্তুতি চলছে।