মাইক্রোবাসের ধাক্কায় নিরাপদ সড়ক আন্দোলনকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা আবদুল আলিম খান
ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিরাপদ সড়কের জন্য এত দিন আন্দোলন করে আসছিলেন আবদুল আলিম খান (৪৬)। তবে সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না। চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে তাঁর। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া সদরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলিমের বাড়ি শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাশিমপুর চালুঞ্জা পূর্বপাড়া গ্রামে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আলিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

নিহত আলিম নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) দুপচাঁচিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ছিলেন দুপচাঁচিয়া সদরের বেসরকারি নবজাগরণ সংস্থা, নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং নবজাগরণ ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের পরিচালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আলিম দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড–সংলগ্ন নবজাগরণ ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার থেকে মোটরসাইকেল চালিয়ে সিও অফিস বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি মাইক্রোবাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান আলিম।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাস নিয়ে চালক পালিয়েছেন। আলিমের মরহেদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গ থেকে স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়নি।