মাইক্রোবাসের যাত্রী কিংবা চালক সেজে ডাকাতি করেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

গত বছরের ১৯ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় যাওয়ার জন্য নগরের অলংকার মোড় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন দুবাইপ্রবাসী হোসেন মাস্টার। ওই সময় একটি মাইক্রোবাস তাঁকে ১০০ টাকায় গন্তব্যে পৌঁছে দেবে বলে জানায়। চার যাত্রী দেখতে পেয়ে হোসেন ওই টাকায় মাইক্রোবাসে ওঠেন। কিছু পথ যাওয়ার পর মাইক্রোবাসে থাকা চার যাত্রী হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার দিয়ে তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, ২টি স্বর্ণের আংটি, মুঠোফোন ও পাসপোর্ট ছিনিয়ে নেন তাঁরা।

আহত হোসেনকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ঘুরিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উত্তর বেতিয়ারা নামের একটি জায়গায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কালজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা হওয়ার পর থানা–পুলিশ ও গোয়েন্দারা তদন্ত শুরু করেন।

অভিযানের একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মাইক্রোবাস, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার , ২টি টিপ ছুরি, গামছা, ১০টি মুঠোফোন, ১টি পাসপোর্ট ও ভিসার কপি জব্দ করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলী হোসেন প্রথম আলোকে বলেন, ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তার মো. আবুল কালামের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানা এবং খুলনার খালিশপুর থানা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকান লুট, হালিশহরে ব্যাংক ডাকাতিসহ অসংখ্য ডাকাতির মামলা রয়েছে। তাঁদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

হোসেনের এ ঘটনার সূত্র ধরে চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, মাইক্রোবাসের চালক ও যাত্রী বেশে তাঁরা ডাকাতি ও খুন করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে তাঁরা ডাকাতি করেন। তবে লক্ষ্য করা যাত্রী বেশি ঝামেলা না করলে তাঁরা খুন করেন না, যাতে নিজেরা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ ও অভিযান শামসুল আলম, নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলী হোসেন প্রমুখ।

গ্রেপ্তার ছয় ডাকাত হলেন মো. শাহ আলম (৩২), মো. আবুল কালাম (৪৭), মো. জাকির হোসেন (৩৬), মো. আল আমিন (২৯), মো.মিজানুর রহমান (৫৩) ও মো. নাহিদুল ইসলাম (৩১)। গতকাল বুধবার রাতে নগরের অলংকার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। যৌথভাবে অভিযানে অংশ নেয় পাহাড়তলী, আকবরশাহ্‌ থানা ও নগর গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডাকাত দলের লক্ষ্যে থাকেন প্রবাসীরা। মাইক্রোবাসের ভেতরে অন্য প্রবাসীরা আছেন জানিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য তোলা হয়। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করা যাত্রীর মালামাল ছিনিয়ে নেন তাঁরা। কেউ মালামাল দিতে দেরি করলে কিংবা চিৎকার করলে তাঁরা মারধর করেন। তা না হলে কাউকে খুন করতে চান না তাঁরা। কারণ, খুন করলে সহজে ধরা পড়ার ভয় থাকে। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় মামলা হয়। মালামাল লুট করলেও অনেকে মামলা করেন না।