মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ট্রেনচালক, শ্রমিক-কর্মচারীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ট্রেনচালকসহ শ্রমিক-কর্মচারীরা। রোববার সকালে সিলেট রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ রেলওয়ের মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ট্রেনচালক, শ্রমিক-কর্মচারীরা। রোববার সকালে সিলেট রেলস্টেশনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সিলেট শাখার সম্পাদক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য পরিতোষ ধরের সঞ্চালনায় বক্তৃতা করেন সমিতির কেন্দ্রীয় সদস্য মো. আবু তালেব, ঢাকা শাখার উপদেষ্টা ইমদাদুল হক আহমেদ, বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল কুলাউড়া শাখার সম্পাদক মো. আবদুল লতিফ, গার্ড কাউন্সিলের সদস্য আবদুর রউফ, রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার সম্পাদক মো. শহিদুল হক, রেলওয়ে শ্রমিক দলের সম্পাদক জসিম উদ্দিন। বিক্ষোভ-সমাবেশে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন শাখা কমিটির সদস্যরা সংহতি প্রকাশ করেন।

সমাবেশে ট্রেনচালকেরা জানান, তাঁদের বেতন দেওয়ার সফটওয়্যার (আইবাস প্লাস) সিস্টেমে মাইলেজ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ জটিলতা নিরসনে মাইলেজের কোড বাদ দিয়ে রেলওয়ের জন্মলগ্ন থেকে ‘পার্ট অব পে’ হিসেবে যেভাবে বেতন খাত থেকে মাইলেজ ভাতা প্রদান করা হতো, তা পুনর্বহাল করলেই ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে।

বক্তারা বলেন, রেলওয়ের যাত্রা শুরুর কাল থেকে রেলওয়ের কোডের বিধান অনুযায়ী, ৮ ঘণ্টা কাজের জন্য বা প্রতি ১০০ মাইল ট্রেন চালালে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত মাইলেজ (ভাতা) দেওয়া হয়। এ হিসাবে ৬ থেকে ৮ হাজার মাইল ট্রেন চালালে মাসিক বেতনের সঙ্গে ৫০ থেকে ৬০ দিনের মাইলেজ (ভাতা) দেওয়া হতো। কিন্তু আইবাস প্লাস সিস্টেমে (বেতন হিসাবের সফটওয়্যার) ৩০ দিনের বেশি মাইলেজের ব্যবস্থা রাখা হয়নি। এতে ট্রেনচালকেরা অতিরিক্ত পরিশ্রম করে ট্রেন চালালেও প্রাপ্য মাইলেজ থেকে বঞ্চিত হওয়ার অবস্থা তৈরি হয়েছে। এ জটিলতার সমাধান না হলে ট্রেনচালক, সহকারীসহ রেল শ্রমিক-কর্মচারীরা আন্দোলনের ডাক দেবেন বলে জানান তাঁরা।