মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। সেই ভাঙন ঠেকাতে গতকাল বালুর বস্তা ফেলা হয় l ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। সেই ভাঙন ঠেকাতে গতকাল বালুর বস্তা ফেলা হয় l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় নদীতে ভাঙন শুরু হয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রায় দেড় শ মিটার এলাকা ভাঙনে বিলীন হয়েছে। গতকাল বুধবার নতুন করে না ভাঙলেও শঙ্কা কাটেনি। ভাঙন ঠেকাতে নদীতে বালুর বস্তা ফেলা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সোমবার থেকে প্রকল্প এলাকায় ভাঙন দেখা দেয়। গত মঙ্গলবার বিকেলে ভাঙনের তীব্রতা বাড়ে। গতকাল সরেজমিনে দেখা যায়, ভাঙনের জায়গায় বালির বস্তা ফেলা হচ্ছে। গতকাল নতুন করে না ভাঙলেও নদীতে বেশ স্রোত ছিল। সেখানে ক্রেন দিয়ে জাহাজ থেকে মালামাল নামানো হচ্ছে। কনস্ট্রাকশন ইয়ার্ডের একাধিক শ্রমিক বলেন, পদ্মায় ভাঙন একবার শুরু হলে অনেক বড় এলাকা ভেঙে নিয়ে যায়। এ কারণেই সবার মনে ভয়।
তবে সেতুর মূল কাজের নির্বাহী প্রকৌশলী দেওয়ান কাদের গতকাল প্রথম আলোকে বলেন, এ ভাঙন সেতুর মূল কাজে কোনো প্রভাব ফেলবে না। কারণ, ভাঙন এলাকা থেকে সেতুর পাইলিংস্থলের দূরত্ব অন্তত এক কিলোমিটার।
গতকাল দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনিও বলেন, এ ভাঙন নিয়ে উদ্বেগের কিছু নেই। ভাঙন রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাঙনের জায়গায় ইতিমধ্যে ২০ হাজার বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলা হয়েছে। আরও পাঁচ লাখ বস্তা ফেলা হবে।
মাওয়ার কুমারভোগ এলাকায় যেখানে ভাঙন সৃষ্টি হয়েছে, সেখানে সেতুর নির্মাণকাজের কনস্ট্রাকশন ইয়ার্ড (ওয়ার্কশপ) রয়েছে। ভাঙনে মূল ওয়ার্কশপের ক্ষতি না হলেও সেখানকার কাজের জন্য পাশের খোলা মাঠে মালপত্র রাখার জায়গায় ভাঙন দেখা দিয়েছে। সেতু কর্তৃপক্ষ সূত্র গতকাল বলেন, ভাঙন মূল ওয়ার্কশপ থেকে দেড় শ মিটার দূরে আছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, সেতু প্রকল্পের কাজ এগিয়ে চলছে। মাওয়া ও কাওরাকান্দি—দুই প্রান্তে কমপক্ষে সাড়ে নয় হাজার কর্মী কাজ করছেন। এ পর্যন্ত মূল কাজের ১০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।