মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মরিয়মের নেছা (৬০) নামের এক নারীকে তাঁর ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
গতকাল বুধবার উপজেলার চিওড়া ইউনিয়নের কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীর ছেলে জাফর আহাম্মদকে আটক করেছে।
এ নিয়ে মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে চৌদ্দগ্রামে তিন ব্যক্তি খুন হলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বীরচন্দ্রনগর গ্রামে বাবার হাতে ছেলে এবং তারাশাইল গ্রামে এক শ্রমিকের হাতে আরেক শ্রমিক খুন হন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোমারডোগা গ্রামের প্রয়াত জন্তুর আলীর স্ত্রী মরিয়মের নেছার চার ছেলে ও চার মেয়ের মধ্যে জাফর আহাম্মদ তৃতীয়। মরিয়মের নেছা ছেলে জাফর ও এক মেয়ে হোসনা আক্তারকে নিয়ে বাস করতেন। মানসিক রোগে আক্রান্ত থাকায় বিভিন্ন সময়ে মানসিক হাসপাতাল ও বাড়িতে রেখে জাফরের চিকিৎসা চালানো হচ্ছিল। গত মঙ্গলবার বিকেলে আটকাবস্থা থেকে ছাড়া পেয়ে জাফর পাগলামি শুরু করেন। তখন আতঙ্কে মরিয়মের নেছা তাঁর মেয়েকে বড় ছেলের বাড়িতে রেখে আসেন। জাফরের পাগলামির কারণে মঙ্গলবার দিবাগত রাতে মরিয়মের নেছার ঘুম হয়নি। গতকাল সকাল ১০টার দিকে তিনি হঠাৎ নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে জাফর ধারালো ছুরি দিয়ে তাঁর মায়ের গলা কেটে দেন। চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল আজিম বলেন, গলা কেটে দেওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই ওই রোগী মারা যান। মরিয়মের নেছার মেয়ে হোসনা আক্তার বলেন, ‘আমার ভাই জাফর আহম্মদ একজন মানসিক রোগী। তাঁকে নাঙ্গলকোটের জামানস মানসিক ক্লিনিকে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়েছে।’
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, জাফরকে থানায় রাখা রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।