মাকে দেখা হলো না, স্ত্রী ও ছেলের সঙ্গে লাশ হয়ে বাড়িতে ফিরলেন বাসুদেব
বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন চিকিৎসক বাসুদেব সাহার মা শিখা সাহা। কর্মব্যস্ত থাকায় অনেক দিন ধরে মাকে দেখতে যেতে পারছিলেন না এই চিকিৎসক। এ জন্য শনিবার সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে স্ত্রী ও ছেলেকে নিয়ে রওনা দেন তিনি। কিন্তু মায়ের সঙ্গে দেখা করা হলো না তাঁর। মাকে দেখতে যাওয়ার পথে সড়কেই ঝরে গেল বাসুদেব, তাঁর স্ত্রী, ছেলে ও তাঁদের ব্যক্তিগত গাড়িচালকের প্রাণ।
শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ার সাহাবাড়িতে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ হয়ে আছে বাড়িটি। অসুস্থ মাকে তখনো জানানো হয়নি ছেলে, ছেলের বউ ও নাতির মৃত্যুসংবাদ। একদৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছেন শোকে কাতর বাবা প্রফুল্ল সাহা।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এই ৪ জনসহ মোট ৯ জন নিহত হয়েছেন।
বাসুদেব সাহা ঢাকার বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ছিলেন। তিনি গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর প্রফুল্ল সাহার ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এই চিকিৎসক।
ওই গাড়িতে থাকা নিহত অন্য তিনজন হলেন বাসুদেবের স্ত্রী শিবানী সাহা (৪৮) ও ছেলে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নিল সাহা (১৯) ও তাঁদের ব্যক্তিগত গাড়ির চালক আজিজুর ইসলাম (৪৪)। বাসুদেবের মেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক শর্মি সাহা পরিবারের সঙ্গে না থাকায় এ দুর্ঘটনা থেকে বেঁচে যান।
বাসুদেব সাহার অশীতিপর বাবা প্রফুল্ল সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গোপালগঞ্জে আসার পথেও আমার সঙ্গে বাসুর কথা হয়েছে। তখন ও বলেছিল, অল্প সময়ের মধ্যে চলে আসবে। এর কিছুক্ষণ পর ওর মেয়ে শর্মি সাহা আমাকে ফোন দিয়ে জানায়, ও ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলছিল। এর মধ্যে হঠাৎ একটি বিকট শব্দের পর ভিডিও কলের লাইন চলে যায়। এর পর থেকে সে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এ জন্য আমাকে খবর নিতে বলে শর্মি। এরপর আমরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে খবরটা জানতে পারি।’
গোপালগঞ্জে আসার পথে ফেরিতে নদী পার হওয়ার সময় পদ্মা সেতুর ছবিসহ স্ত্রী, ছেলের সঙ্গে সেলফি তোলেন বাসুদেব। সেসব ছবি নিজের ফেসবুকে পোস্ট করে বাড়িতে যাওয়ার কথাও লেখেন। সেই বাড়িতে ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে। এসব কথা বলে বাসুদেবের স্মৃতি রোমন্থন করছেন তাঁর শৈশবের বন্ধুরাও।
বাসুদেবের প্রতিবেশী গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম কবির বলেন, ‘বাসুদেব ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। অনেক ভালো ফুটবলও খেলতেন। তাঁর মতো ভালো মানুষ হয় না আসলে। গোপালগঞ্জ থেকে কেউ গেলে তিনি সব কাজ ফেলে আগে তাঁকে চিকিৎসাসেবা দিতেন। তাঁর এ অকালমৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল আমাদের।’