মাকে বাঁচাতে গিয়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপটিক ট্যাংকের ভেতর মা পড়ে গিয়েছিলেন। ছেলে তাঁকে উদ্ধার করতে গেলেন। মা জীবন ফিরে পেলেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই তরুণ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমুড়া গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ইলিয়াছ মিয়া (২০) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুতারমুড়া গ্রামের সৌদিপ্রবাসী বিল্লাল মিয়ার ছেলে। গুরুতর আহত রংমালা বেগমকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী বিল্লাল মিয়ার বাড়িতে থাকেন তাঁর স্ত্রী রংমালা বেগম, দুই ছেলে ও দুই মেয়ে। বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে পাশেই একটি গভীর গর্ত করা হয়েছিল। রংমালা বেগম শনিবার বিকেলে ট্যাংকের লাইন নতুন গর্তে দিতে যান। এ সময় পুরোনো সেপটিক ট্যাংক ভেঙে পড়ে এবং তিনি এর ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে বড় ছেলে ইলিয়াছ ছুটে আসেন। মাকে উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকের ভেতর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। ইলিয়াছকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।