মাকে রক্ষা করতে গিয়ে বাবার হাতে ছেলে খুন
বরগুনার তালতলীতে মাকে রক্ষা করতে গিয়ে মো. সুমন (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র তার বাবা আসাদুল খানের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে তালতলী শহরের টিঅ্যান্ডটি সড়কে এ ঘটনা ঘটে। পরে আসাদুল খান ছেলের মরদেহ আমতলী হাসপাতালে রেখে পালিয়ে গেছেন। আমতলী থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল খানের সঙ্গে তাঁর স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। আজ বেলা ১১টার দিকে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় ছেলে সুমন প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে দেখে বাবা তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্যত হয়েছেন। এ সময় ছেলে বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায়। ওই মুহূর্তে ধারালো অস্ত্রের আঘাত স্ত্রীর শরীরে না লেগে ছেলে সুমনের গায়ে লাগে। এতে ছেলে গুরুতর আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে।
সংবিৎ ফিরে পেয়ে বাবা আসাদুল ও স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে তালতলী ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা সংকটজনক অবস্থা হওয়ায় সুমনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পথে অবস্থা আরও খারাপ হলে আসাদুল ছেলেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালে ছেলেকে রেখেই আসাদুল পালিয়ে যান। পরে ওই হাসপাতালের চিকিৎসক কে এম তানজিরুল ইসলাম সুমনকে মৃত ঘোষণা করেন।
ছেলে সুমন প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে দেখে বাবা তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্যত হয়েছেন। এ সময় ছেলে বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায়।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আসাদুল ও তাঁর স্ত্রী সেলিনার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝামেলা লেগে থাকত। আজ বেলা ১১টার দিকে আসাদুল সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। মাকে রক্ষায় ছেলে এগিয়ে গেলে ওই ধারালো অস্ত্রের আঘাত ছেলের কপালে লাগে। সঙ্গে সঙ্গে ছেলে সুমন মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাবা ও স্থানীয় লোকজন ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নাঈম নামের প্রত্যক্ষদর্শী এক তরুণ বলেন, আসাদুল খান ছেলে সুমনকে আমতলী হাসপাতালে রেখে পালিয়ে গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কে এম তানজিরুল ইসলাম বলেন, সুমনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। মা সেলিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী প্রায়ই আমাকে তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করত। আমাকে রক্ষা করতে গিয়েই আমার ছেলে খুন হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বাবাকে আটকের চেষ্টা চলছে।’ আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্র সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।