মাকে ‘হত্যা’ করে বাবা আটক, সাত মাসের মেয়েটির কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। এই দম্পতির সাত মাসের মেয়েটিকে নিয়ে চিন্তায় পড়েছেন প্রতিবেশীরা
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুলবাগ নতুনপাড়ায় গতকাল রোববার রাতে স্ত্রী শামীমা খাতুনকে (২৩) হত্যার অভিযোগে স্বামী মো. শাহিনকে (২৫) আটক করেছে পুলিশ। তাঁদের সাত মাসের একটি মেয়ে আছে। এত ছোট মেয়েটির এখন কী হবে, এই নিয়ে উদ্বিগ্ন আশপাশের লোকজন।

আজ সোমবার বেলা ১১টার দিকে নতুনপাড়ায় শাহিনের ভাড়া বাড়িতে গিয়ে দেখা যায়, শাহিন–শামীমা দম্পতির সাত মাসের মেয়েটি বাড়িওয়ালার মা আনোয়ারা বেগমের কোলে বসে আছে। শিশুটিকে নিয়ে তিনি বলছিলেন, হায়রে কপাল! বাপ-মাকে হারিয়া ওর চোখ দুটা খালি বাপ-মাকে খুঁজছে। কান্না করে করে চোখের পানি শুকিয়ে গেছে। শিশুটিকে দেখতে আশপাশের মানুষ ভিড় জমিয়েছেন বাড়িতে। সবাই শিশুটির জন্য আপসোস করছিলেন।

বাড়িওয়ালা সাইফুল ইসলামের বউ শিউলি বেগম প্রথম আলোকে বলেন, মেয়েটি রাত থেকেই কান্না করছিল। পুলিশ তার মায়ের লাশ নিয়ে গেছে আর বাবাকে গ্রেপ্তার করেছে। সকাল থেকে শিশুটি আর কাঁদছে না। আজ বেলা ১১টা পর্যন্ত শিশুটির মা–বাবার পরিবারের কেউ আসেননি বলে তিনি জানান। সকাল থেকে শিশুটিকে গরুর দুধ পান করানোর পাশাপাশি সুজি খাওয়ানো হয়েছে। এখন বাচ্চাটার কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শাহিনের স্ত্রী শামীমার লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, নিহত শামীমা খাতুন দিনাজপুরের পার্বতীপুর থানার পুরোনো রেল কলোনির মৃত শহীদুল হকের মেয়ে। তাঁকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শাহিন শিবগঞ্জ উপজেলার চরপাঁকার গ্রামের বাবলু হকের ছেলে।

বাড়িওয়ালা গুলবাগ মহল্লার সাইফুল ইসলাম (৪৬) প্রথম আলোকে বলেন, ‘বাড়ি ভাড়া নিয়ে শাহিন তিন দিন আগে বাড়িতে ওঠেন। গতকাল দিবাগত রাত ১২টার পর ঘুম থেকে উঠিয়ে বলেন—একটা অঘটন ঘটিয়েছি, পুলিশে খবর দিন। পুলিশ আসায় শাহিন পুলিশকে জানান তিনি বাড়িতে স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ আসা পর্যন্ত শাহিন আমার সামনেই অপেক্ষা করছিলেন। হত্যাকাণ্ডের কারণ জানতে পারিনি।’

শাহিনের ছোট ভাই আবু রায়হান প্রথম আলোকে বলেন, শাহিন সেনাবাহিনীর সৈনিক পদে সৈয়দপুর সেনানিবাসে চাকরি করতেন। লুকিয়ে বিয়ে করে ২০২০ সালে তিনি চাকরিচ্যুত হন। এরপর তিনি স্ত্রীকে নিয়ে নওগাঁতে থাকতেন। বাবার সহযোগিতা নিয়ে তিনি সংসার চালাতেন। কয়েক দিন আগে পৌর এলাকার গুলবাগ নতুনপাড়ায় বাড়িভাড়া করেছিলেন তাঁর ভাই।

আরও পড়ুন