বিটিএমসির কর্মশালা
মাগুরা টেক্সটাইল মিলস আবার চালুর উদ্যোগ
কারখানাটি প্রাথমিকভাবে ৩০ বছরের জন্য বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করতে চায় সরকার।
বন্ধ হওয়া মাগুরা টেক্সটাইল মিলস পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি) মাধ্যমে কারখানাটি চালু করা হচ্ছে। পিপিপি কর্তৃপক্ষ ও বিটিএমসির কর্মকর্তারা জানান, আগামী আগস্ট মাসেই এ-সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে। গতকাল মঙ্গলবার মাগুরা সার্কিট হাউসে মাগুরা টেক্সটাইল মিলস চালুর বিষয়ে এক কর্মশালায় এ কথা জানানো হয়।
মাগুরা জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কারখানা সূত্রে জানা যায়, ১৯৮০-৮১ অর্থবছরে মাগুরা পৌরসভার ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়কের পাশে ১৬ দশমিক ১৭ একর জায়গার ওপর কারখানাটি স্থাপিত হয়। কারখানাটি করতে ব্যয় হয়েছিল ৫১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা।
শুরুতে কারখানায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক মিলে জনবল ছিল ৯৮৩। কারখানাটি ১৯৮৫ সালে উৎপাদনে যায়। বিটিএমসি নিয়ন্ত্রণাধীন সুতা তৈরির কারখানাটি শুরুতে ভালোভাবেই চলছিল।
কিন্তু পরে সরকারি ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে মিলটি লোকসানে পড়ে। অব্যাহত লোকসানের মুখে ১৯৯৯ সালে কারখানাটি কার্যত বন্ধ হয়ে যায়। তখন শ্রমিক-কর্মচারীদের স্বেচ্ছা অবসরে পাঠানো হয়। এরপরও ২০০০-০৮ সাল পর্যন্ত সার্ভিস চার্জের ভিত্তিতে কোনোরকমে কারখানাটি চালু ছিল।
সেটাও সফল না হওয়ায় ২০০৮ সালের ১৭ আগস্ট কারখানাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৯ বছর বন্ধ থাকার পর ২০১৭ সালে কারখানাটি নতুন করে চালুর উদ্যোগ নেয় বিটিএমসি। তারা দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশ নিয়ে মেসার্স আলী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান বন্দোবস্ত পায়। তবে দুই বছরের চুক্তি শেষের আগেই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
সর্বশেষ বরাদ্দ পাওয়া মেসার্স আলী ট্রেডার্সের পরিচালক মো. আলী আকবর বলেন, কারখানায় যেসব মেশিন রয়েছে, তা ১০০ বছরের পুরোনো। রোমানিয়া থেকে আনা। এগুলো সংস্কারের মিস্ত্রিও পাওয়া যায় না। এর থেকে তৈরি সুতারও বাজারে চাহিদা নেই।
বিটিএমসির কর্মকর্তা ও কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে মিলে যেসব সরঞ্জাম রয়েছে, সেগুলো অনেক পুরোনো মডেলের। প্রায় ১০০ বছরের পুরোনো। এতে উৎপাদিত সুতার বাজারে চাহিদা কম। পুরোনো মেশিনের বিদ্যুৎ খরচও বেশি। এ কারণে মিলটি বারবার মুখ থুবড়ে পড়েছে। এ ছাড়া দীর্ঘদিন পড়ে থাকার কারণে স্থাপনাগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এমন পরিস্থিতি বিবেচনা করে বিটিএমসির কর্মকর্তারা বলছেন, এখানে বিনিয়োগকারী চাইলে সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবেন। সুতা থেকে তৈরি পোশাক—যেকোনো ধরনের শিল্প প্রতিষ্ঠা করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।
কর্মকর্তারা জানান, ১৬ দশমিক ১৭ একর আয়তনের কারখানাটি প্রাথমিকভাবে ৩০ বছরের জন্য বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করতে চায় সরকার। যেখানে দরপত্রের নিরাপত্তা জামানত হিসেবে বিনিয়োগকারীকে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে। এরপর সর্বোচ্চ দরদাতাকে চুক্তির সময় ৩০ বছরের জন্য পারফরম্যান্স সিকিউরিটি আড়াই কোটি টাকা এবং চুক্তিমূল্য সাড়ে পাঁচ কোটি টাকা পরিশোধ করতে হবে। কারখানা স্থাপন ও সংস্কারের জন্য তিন বছর সময় পাবেন বিনিয়োগকারী। এরপর বেসরকারি বিনিয়োগকারীর প্রতিবছর সরকারকে কমপক্ষে ১ কোটি ২৫ লাখ টাকা দিতে হবে।
জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল বাসার ও বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।
বিটিএমসির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এটা এবার চালুর ব্যাপারে আমরা আশাবাদী। কারণ, বিনিয়োগকারী এখানে ব্যাংক লোন বাদে সব সুবিধাই পাচ্ছেন। প্রথমত, কারখানাটির অবস্থান খুবই সুন্দর জায়গায়। পদ্মা সেতু চালু হওয়ায় মাগুরা থেকে চট্টগ্রাম বন্দরে যাতায়াতের সময় কমে এসেছে। এ ছাড়া পায়রা, মোংলা বন্দর কাছে। দ্বিতীয়ত, নিষ্কণ্টক জমি পাচ্ছেন। তৃতীয়ত, সস্তায় শ্রমিক পাচ্ছেন। বাকি থাকল ব্যাংক লোন। এটা যেহেতু সরকারি জমি, তাই বিনিয়োগকারী ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিতে পারবেন না। এ বিষয়েও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।’
কর্মশালায় প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রয়াত সংসদ সদস্য মেজর জেনারেল এম মজিদ উল হকের সহযোগিতায় মাগুরায় এই টেক্সটাইল মিলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জেলার মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। কিন্তু সেটা দীর্ঘদিন বন্ধ। আমরা জোড়াতালি দিয়ে কয়েক দফা চালুর চেষ্টা করেছি। কিন্তু বিনিয়োগের অভাবে সেটা চলেনি। আগে যোগাযোগব্যবস্থাটা একটা চ্যালেঞ্জ ছিল। এখন পদ্মা সেতু হয়ে যাওয়ায় সেই সংকট দূর হয়েছে। আমরা মনে করি, এই উদ্যোগের মাধ্যমে কারখানাটিতে আবার প্রাণচঞ্চলতা ফিরে আসবে। এটা চালু হলে দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে।’
তবে কারখানাটি চালুর স্বার্থে বিনিয়োগকারীদের জন্য সহজ শর্ত আরোপ করতে পিপিপি কর্তৃপক্ষ ও বিটিএমসির প্রতি অনুরোধ জানান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
কর্মশালায় জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মাগুরাসহ চারটি টেক্সটাইল মিল সরকারি-বেসরকারি অংশীদারত্বে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে মাগুরা টেক্সটাইল মিলে বিনিয়োগে আগ্রহী, এমন কেউ দরপত্র দাখিল করেননি। আগস্টে পুনরায় দরপত্র আহ্বান করবে কর্তৃপক্ষ।