মাগুরা মেডিকেল কলেজে জনবল সংকট এখনো আছে

শিক্ষার্থীরা আবাসন সমস্যায় পড়ছেন। এ ছাড়া প্যাথলজির সব যন্ত্র ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের একটি অংশে মেডিকেল কলেজের কার্যক্রম চলছে
প্রথম আলো

জনবল ও অবকাঠামো-সংকট নিয়েই যাত্রা শুরু হয়েছিল মাগুরা মেডিকেল কলেজের। গত তিন বছরে নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। জনবল ও অবকাঠামো সুবিধা বেড়েছে। কিন্তু সংকট এখনো রয়েই গেছে।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এই মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হওয়ার আগপর্যন্ত বিদ্যমান কোনো সংকটই পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়। এতে শিক্ষার্থীরা আবাসন সমস্যায় পড়ছেন। এ ছাড়া প্যাথলজির সব যন্ত্র ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা।

২০১৯ সালের ১০ জানুয়ারি ৫০ জন শিক্ষার্থী নিয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের একটি অংশে যাত্রা শুরু হয় মাগুরা মেডিকেল কলেজের। এরপর আরও দুইটা ব্যাচ মিলে এখন শিক্ষার্থীর সংখ্যা ১৪৫। চলতি বছরেই নতুন ব্যাচে যুক্ত হবে আরও ৫০ জন শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শিক্ষক, কর্মচারী, কক্ষ ও শিক্ষার্থীদের হোস্টেল-সংকটের মতো বিষয়গুলো চিন্তায় ফেলছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে।

গত মঙ্গলবার মেডিকেল কলেজে গিয়ে কথা হয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দেব, সাদিয়া আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তাঁরা বলেন, মাত্র কয়েকটা কক্ষ নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। তেমন কোনো আসবাবও ছিল না। এরপর ধাপে ধাপে শ্রেণিকক্ষের পাশাপাশি লাইব্রেরি, মরচুয়ারি ডিসেকশন কক্ষসহ অবকাঠামোগত বেশ কিছু উন্নতি হয়েছে। তবে এখনো বড় ধরনের বেশ কিছু সংকট রয়েই গেছে।

দীপ্ত দেব প্রথম আলোকে বলেন, ‘নতুন মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আমরা অনেক সুবিধা থেকেই বঞ্চিত। তবে এখন অন্যতম সমস্যা হচ্ছে আমাদের শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশেই সদর হাসপাতালের চারটি স্টোররুম রয়েছে। এটার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে।’

মেয়েদের জন্য ছাত্রী হোস্টেল নেই। ভাড়া করা একটি বাসাতে আমাদের থাকতে হচ্ছে। বেশ কিছু সমস্যা রয়ে গেছে।
সাদিয়া আক্তার, শিক্ষার্থী, মাগুরা মেডিকেল কলেজ

সাদিয়া আক্তার বলেন, ‘মেয়েদের জন্য ছাত্রী হোস্টেল নেই। ভাড়া করা একটি বাসাতে আমাদের থাকতে হচ্ছে। যেখানে খাওয়াদাওয়াসহ বেশ কিছু সমস্যা রয়ে গেছে।’

এই মেডিকেল কলেজে শুরু থেকেই শিক্ষকের সংকট রয়েছে। অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের ৯৭টি পদ রয়েছে। তবে বর্তমানে রয়েছেন অধ্যক্ষসহ ২৫ জন। মন্ত্রণালয় অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী কলেজে ১১ জন অধ্যাপক থাকার কথা। আছেন মাত্র একজন।

শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ফরেনসিক মেডিসিন ও বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক-সংকট প্রকট। এই দুই বিভাগে একজন করে প্রভাষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, যেখানে প্রতিটি বিভাগে কমপক্ষে একজন করে সহকারী অধ্যাপক ও দুজন করে প্রভাষক দরকার। প্যাথলজি বিভাগে শিক্ষকের সব পদ এখনো শূন্য। কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে পড়তে হবে শিক্ষার্থীদের।

অবকাঠামোগত অনেক সরঞ্জাম মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেও সবকিছু এখনো বুঝে পায়নি কর্তৃপক্ষ। আবার বেশ কিছু সরঞ্জাম এসে পৌঁছালেও টেকনোলজিস্টের অভাবে অনেক কিছু অব্যবহৃত থেকে যাচ্ছে। যেমন বায়োকেমিস্ট্রি ও প্যাথলজির অন্তত তিনটি অ্যানালাইজার দুই বছরের বেশি সময় ধরে পড়ে আছে টেকনোলজিস্টের অভাবে। শিক্ষকেরা বলছেন, রোগ নিরূপণের এসব যন্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারলে শিক্ষার্থীরা যেমন শিখতে পারতেন, সাধারণ রোগীরাও স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারত।

মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমীন বলেন, ‘প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেমন বড় পরিসরে তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়গুলো শিখছেন, আমরা সেগুলো পাচ্ছি না। একজন অধ্যাপক যেভাবে শিক্ষার্থীদের তাঁর অভিজ্ঞতা দিয়ে বোঝাতে পারেন, একজন প্রভাষক হয়তো সেভাবে না-ও পারতে পারেন। এর প্রভাব হয়তো ভবিষ্যতে পড়বে।’

এই বছরে মেডিকেলে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা—দুটোই বাড়বে। ফলে অবকাঠামো-সংকটের বিষয়টি আমাদের ভাবাচ্ছে।
দীন-উল ইসলাম, অধ্যক্ষ, মাগুরা মেডিকেল কলেজ

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাসের জন্য শহরের পারলা ও শ্রিকুন্ডী মৌজায় জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রথমে ৫০ একর জমির একটি নকশা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৭ একর জমি নিয়ে একটি নকশা চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই নকশা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়ে অর্থ ছাড় হলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন-উল ইসলাম বলেন, ‘অনেক সংকটের মধ্যেও গত জুলাইয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অংশ নেওয়া ২৫টি সরকারি-বেসরকারি মেডিকেলের মধ্যে পেশাগত পরীক্ষায় মাগুরা প্রথম হয়েছে। এই বছরে মেডিকেলে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা—দুটোই বাড়বে। ফলে অবকাঠামো-সংকটের বিষয়টি আমাদের ভাবাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ফিমেল সার্জারি ও ফিমেল মেডিসিন বিভাগের দুটো অংশ মৌখিকভাবে আমাদের ব্যবহারের জন্য দিয়েছে। ওই দুটো ওয়ার্ডের সঙ্গে স্টোররুম হিসেবে ব্যবহৃত চারটি কক্ষ মেডিকেল কলেজকে দেওয়া হলে স্থায়ী ক্যাম্পাস হওয়ার আগে আর অবকাঠামো-সংকট নিয়ে ভাবতে হবে না।’

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান বলেন, এখানে মেডিকেল কলেজের নিজস্ব কোনো স্থাপনা নেই। পুরোনো ভবনে ১০০ ও নতুন ভবনে ১৫০ শয্যা মিলে ২৫০ শয্যা হাসপাতাল। এর মধ্যেও কলেজের জন্য অনেকগুলো কক্ষ ছেড়ে দেওয়া হয়েছে। এর বেশি কক্ষ ছাড়তে হলে রোগীরা বঞ্চিত হবেন।