মাগুরায় স্বামীর চেলাকাঠের আঘাতে প্রাণ হারালেন স্ত্রী
মাগুরার মহম্মদপুর উপজেলায় স্বামীর চেলাকাঠের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মনিরা খাতুন (২০)। ঘটনার পর থেকে স্বামী জিয়া মুন্সীসহ (২৫) বাড়ির সবাই পলাতক।
বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ও প্রতিবেশীরা জানান, রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে পেশায় কৃষিশ্রমিক জিয়া মুন্সীর সঙ্গে চার মাস আগে পার্শ্ববর্তী দাতিয়াদাহ গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। ঘটনার সময় সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে জিয়া চেলাকাঠ দিয়ে মনিরার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে জিয়া চেলাকাঠ দিয়ে মনিরার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মনিরার বাবা আরিফ মোল্যা সাংবাদিকদের বলেন, তাঁর মেয়েকে বিয়ের পর থেকে মারধর করতেন তাঁর স্বামী। আজ সকালেও মেয়ে ফোন করে বাড়ি নিয়ে যেতে বলেছিলেন। সন্ধ্যায় শোনেন মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মেয়েকে বিয়ের পর থেকে মারধর করত তার স্বামী। আজ সকালেও মেয়ে ফোন করে বাড়ি নিয়ে যেতে বলেছিলেন। সন্ধ্যায় শুনি মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, মরদেহের সুরতহালের কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। স্বামীর লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক। তাঁদেরকে আটক করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।