মাগুরায় অপহৃত ইমাম উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার কাটাখালী বাজার এলাকা থেকে গত মঙ্গলবার রাতে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ইমামকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের দাবিতে ওই দিন বিকেলে কাটাখালী বাজার এলাকা থেকেই বিল্লালকে অপহরণ করা হয়।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জনি (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। বিল্লাল হোসেনের বাড়ি যশোরের বাঘারপাড়ার উত্তর শ্রীরামপুর গ্রামে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।
মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায় প্রথম আলোকে জানান, এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে বিকেল চারটার দিকে বিল্লাল হোসেন কাটাখালী বাজারে আসেন। এ সময় দুই তরুণ তাঁকে জঙ্গি আখ্যায়িত করে বাজারের কাছে এক নির্জন জায়গায় একটি ঘরে আটকে রাখেন। পরে সেখানে আরও দুই যুবক আসেন। রাত আটটার দিকে ওই তরুণেরা বিল্লালের কাছে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অপহরণকারীদের টাকা দেওয়ার জন্য বিল্লাল তাঁর বাড়িতে যোগাযোগ করেন। তাঁর পরিবারের লোকজন বিষয়টি তখন শালিখা থানা-পুলিশকে জানান। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। তাঁদের মুঠোফোনে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকাও পাঠানো হয়। পরে আরও টাকা নেওয়ার জন্য বিল্লালকে সঙ্গে নিয়ে অপহরণকারীরা কাটাখালী বাজারে আসেন। এ সময় পুলিশ জনি নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার ও ইমাম বিল্লালকে উদ্ধার করে। এ সময় চার অপহরণকারী পালিয়ে যান। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া জনির বাড়ি সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে।