মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা এবার না করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা
ফাইল ছবি

কাত্যায়নী পূজা মাগুরার শত বছরের ঐতিহ্য। হিন্দুধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে প্রতিবছর জেলায় লাখো মানুষের ঢল নামে। তবে এবার দেশের বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, খুনের ঘটনা ও নিরাপত্তাহীনতার কারণে মাগুরা জেলার কোথাও কাত্যায়নী পূজা না করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিমা-মণ্ডপ ছাড়াই শুধু নিয়ম রক্ষার্থে মন্দিরের ভেতরে ঘটপূজা করে সম্পন্ন করা হবে আনুষ্ঠানিকতা।

বর্তমানে উদ্ভূত পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা শহরের পূজা উদ্‌যাপন কমিটি। আজ মঙ্গলবার দুপুরে শহরের জামরুলতলা পূজামণ্ডপ কার্যালয়ে জেলা কাত্যায়নী পূজা উদ্‌যাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। জামরুলতলা কাত্যায়নী পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডুর সভাপতিত্বে ওই সভায় জেলা সদরের প্রায় সব পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মাগুরা জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমাদের মন ভেঙে গেছে। তা ছাড়া নিরাপত্তার শঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে কোনো উৎসব করা যায় না।
বাসুদেব কুণ্ডু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মাগুরা জেলা শাখা

জানতে চাইলে পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তাদের সঙ্গে মতামতের ভিত্তিতে এবার মাগুরা জেলার কোথাও কাত্যায়নী পূজা না করার সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে আমরা শুধু ঘটপূজা করব, যেটা সীমাবদ্ধ থাকবে মন্দিরে। উন্মুক্ত স্থানে কোনো মণ্ডপ, আলোকসজ্জা, মেলা—কিছুই হবে না এবার।’

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার আলোকসজ্জা
ফাইল ছবি

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন, ‘কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমাদের মন ভেঙে গেছে। তা ছাড়া নিরাপত্তার শঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে কোনো উৎসব করা যায় না।’

আরও পড়ুন

স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০০ বছরের বেশি সময় ধরে মাগুরায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি মাগুরার অন্যতম একটি উৎসব ও ঐতিহ্য। প্রতিবছর দেশ-বিদেশের লাখো দর্শনার্থী এই পূজা দেখতে আসেন। দুর্গাপূজার ঠিক এক মাস পর ব্যাপক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে গোটা শহর বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মণ্ডপগুলো সাজে দৃষ্টিনন্দন শৈল্পিক কারুকার্যে। এ উপলক্ষে মাসব্যাপী চলে গ্রামীণ মেলা।