মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবাহু গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম মাহফুজার রহমান মোল্লা (৩৫)। তিনি মহম্মদপুরের বানিয়াবাহু গ্রামের আফসার মোল্লার ছেলে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বানিয়াবাহু গ্রামের কলিম উদ্দিন শেখ (৬৫)।

নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে মাহফুজার রহমানের সঙ্গে তাঁর চাচাতো চাচা কদম আলীর বিরোধ চলছিল। ওই জমির জাল দলিলের একটি মামলায় সম্প্রতি কদম আলী চার মাস জেলও খাটেন। সেই জমির দখল নিয়েই আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মাহফুজারের মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কলিম উদ্দিন শেখকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাহফুজারের সমর্থক ছিলেন। খবর পেয়ে পুলিশ আজ বেলা দেড়টার দিকে মাহফুজারের লাশ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাহফুজারের স্ত্রী তাসলিমা খাতুন বলেন, ‘সম্প্রতি জমিটি দখলে নেওয়ার পাঁয়তারা করছিল তারা। বিষয়টি নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে কদম আলী ও তাঁর ছেলে সবুজের নেতৃত্বে আমার স্বামীর ওপর হামলা হয়। ঠেকাতে গেলে প্রতিপক্ষ তাঁদের বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে।’

এ বিষয়ে স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে ঈদুল ফিতরের সময় থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সে সেময় একবার দুই পক্ষের সঙ্গে বসে তাঁদের বিরোধ মেটানোর চেষ্টা করি। দুদিন আগে দুই পক্ষকে নিয়ে আবারও বসা হয়েছিল। তবে সেখানে নিহত মাহফুজারের পক্ষের লোকজন উপস্থিত হলেও অন্য পক্ষের কেউ আসেনি। ফলে বিষয়টি মীমাংসা করা যায়নি।’

প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য আজ দুপুরের পর কদম আলীর মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। অভিযুক্ত অন্যদের আটকে অভিযান চলছে। আর নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’