মাগুরায় ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রাকের চাপায় মো. সাহিদ মোল্যা (৫০) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বিনোদপুর বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

সাহিদ মোল্যা উপজেলার তল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বিনোদপুর বাজার বণিক সমিতির নৈশপ্রহরী ছিলেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, মাগুরা-মহম্মদপুর সড়কের পাশে বিনোদপুর বাজারের নৈশপ্রহরী ছিলেন সাহিদ। ঘটনার সময় বাজারের চৌরাস্তায় দায়িত্ব পালন করছিলেন তিনি। ভোরে মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি ট্রাক সাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।