মাগুরায় দীর্ঘদিন পর বিএনপির বাধাহীন সমাবেশ
মাগুরায় গত কয়েক মাসে জেলা বিএনপির প্রায় প্রতিটি রাজনৈতিক সমাবেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের বাধা ও হামলার অভিযোগ উঠেছে। তবে আজ বৃহস্পতিবার শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচি বাধাহীন ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন পর তাঁদের কোনো রাজনৈতিক কর্মসূচি বাধাহীনভাবে শেষ হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ছিল আজ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। বেলা ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জেলা বিএনপির নেতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাঁদের পক্ষ থেকে কোনো বাধা আসেনি। এদিন সমাবেশে বিএনপি নেতারা একটি মাইক ব্যবহার করেন। এর আগে ১৫ মে একই জায়গায় বিক্ষোভ কর্মসূচিতে মাইক ব্যবহারে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়।
বিএনপি নেতারা বলছেন, ২২ মে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা ছাত্রদল। ওই দিন মিছিলের প্রস্তুতির সময় জেলা ছাত্রদলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) আগে শেষ কবে বাধাহীনভাবে সমাবেশ করেছি, মনে পড়ে না। সভা-সমাবেশ হলে বাধা দেওয়ার পাশাপাশি নেতা-কর্মীদের আটক হতে হয়, এবার তা হয়নি। প্রশাসনকে আমরা জানিয়েছি, সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবেই প্রতিটি কর্মসূচি এভাবে শেষ হবে।’