মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পারন্দুয়ালী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার পারন্দুয়ালী গ্রামের ওহিদুর রহমানের ছেলে বাঁধন বিশ্বাস (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবদুস সালামের ছেলে নিশান রহমান। এই ঘটনায় আহত হয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার আবদুল গফফার নামে এক ব্যক্তি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিশান রহমান ও আবদুল গফফার একটি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন। মাগুরার পারনান্দুয়ালী গ্রামের পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মোটরসাইকেলের চালক নিশান ও বাঁধন বিশ্বাস। আহত হন নিশানের মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আবদুল গফফার। তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) জুলিয়াস রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ। নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাই লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।