মাগুরায় পাঁচ মাস পর করোনায় একজনের মৃত্যু
মাগুরা জেলায় প্রায় পাঁচ মাস পর করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণে ৯২ জনের মৃত্যু হলো। সর্বশেষ এই জেলায় গত বছরের ৩১ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
মারা যাওয়া ব্যক্তির নাম আজমুল হক (৬৭)। তাঁর বাড়ি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, আজমুল হক ফুসফুসে ক্যানসারসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির পর নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, ফুসফুস ক্যানসারে আক্রান্ত ওই ব্যক্তি করোনার টিকা নেননি। তা ছাড়া নানা রকম জটিলতা ছিল। মাগুরা জেলা টিকা কার্যক্রমে বেশ এগিয়ে আছে। এখানে সংক্রমণের হারও খুব বেশি না। তবে এখন যেহেতু সংক্রমণ বেড়েছে, তাই সাধারণ মানুষকে আবারও স্বাস্থ্যবিধি মনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।