মাগুরায় পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ, ছাত্রলীগের হামলায় আহত ৮
পুলিশের বাধা উপেক্ষা করে মাগুরা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। তেল, গ্যাস, পানিসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ডাকা এ সমাবেশ পণ্ড করতে পুলিশ সমাবেশের নির্ধারিত সময় বেলা ১১টার দিকে শহরের ইসলামপুর পাড়া বিএনপির দলীয় কার্যালয়ের চারপাশ ঘিরে রাখে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের জমায়েত হতে দেওয়া হয়নি। তবে এর আধা ঘণ্টা পর পরিস্থিতি বদলে যায়। আকস্মিকভাবে আদালত চত্বর থেকে বিএনপির একটি মিছিল ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে এলে অন্য নেতারাও জড়ো হতে থাকেন। এরপর সেখানে সমাবেশ শুরু হয়।
তবে বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশে যোগ দিতে আসার পথে ছাত্রলীগের হামলায় তাঁদের অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের হাতে আটক হয়েছেন আরও অন্তত আটজন।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক–বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসম্পাদক মো. সামসুর রহমান, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নেওয়াজ হালিমা, জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম, মনোয়ার হোসেন খান, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম কমানো না হলে সরকার পতনের আন্দোলন জোরদার করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার নিন্দা এবং আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
আহত ব্যক্তিদের মধ্যে তুহিন বিশ্বাস ও সাইফুল ইসলাম নামের দুজনের অবস্থা গুরুতর। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সদর থানা ও ডিবি পুলিশ মিছিল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান খান, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, যুবদল নেতা সবীর হোসেন, সাকের হোসেন, স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান সুমন, আবু বক্কার, গোলাম কিবরিয়া ও মনির সরকার নামের অন্তত আট নেতা-কর্মীকে আটক করেছে। এ ছাড়া ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহত নেতারা হলেন জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সদর থানা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারাবী আমিন, মহম্মদপুর থানা ছাত্রদলের সদস্যসচিব রজব আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি তুহিন বিশ্বাস এবং সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন প্রথম আলোকে বলেন, শহরের কলেজ রোড দিয়ে তাঁদের একটি শান্তিপূর্ণ মিছিল সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসছিল। এ সময় সমবায় মার্কেটের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা রড, চাপাতি ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালান। এতে তাঁদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তুহিন বিশ্বাস ও সাইফুল ইসলাম নামের দুজনের অবস্থা গুরুতর। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ নেতা মীর মেহেদী হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মিছিলের সময় তাঁদের অনেকের হাতেই লাঠিসোঁটা ছিল। যাওয়ার সময় তাঁরা ছাত্রলীগের নেতাদের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় আমাদের কর্মীরা ওদের হামলা প্রতিহত করেছে। আমরা কারও ওপর হামলা চালাইনি।’
বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের আটকের বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম বেলা আড়াইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখন কিছুই বলতে পারছি না। এসব বিষয়ে পরে বলতে পারব।’