মাগুরায় বাল্যবিবাহ বিরোধী শপথ, লাল কার্ড প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে মাগুরার ৩টি ইউনিয়নের ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ হাজার ছাত্রছাত্রীকে শপথ পাঠ করিয়েছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসব শিক্ষার্থী বাল্যবিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে।

মাগুরায় এ কর্মসূচি বাস্তবায়ন করেছে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন (এসডব্লিউসি)। এতে সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে মাগুরা সদর ‍উপজেলার গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শপথ, লাল কার্ড প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রছাত্রী অংশ নেয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসডব্লিউসির নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমীন মেরী, প্রকল্প সমন্বয়কারী মো. নাজমুল হাসান, গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ ব্যানার্জি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বাল্যবিবাহের নানা কুফল সম্পর্কে আলোচনা করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ণা বিশ্বাস, তিথী আক্তারসহ অনেকে বলে, তারা এই কর্মসূচি থেকে বাল্যবিবাহের নানা কুফল সম্পর্কে জানতে পেরেছে। এখন থেকে নিজ নিজ এলাকায় আর যেন কোনো বাল্যবিবাহ না হয়, সে ব্যাপারে তারা সবাই সচেষ্ট থাকবে।

এসডব্লিউসির নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমীন মেরী প্রথম আলোকে বলেন, ‘বাল্যবিয়ের সবচেয়ে বেশি ভুক্তভোগী গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। এ জন্য আমরা এসব স্কুলের ছেলেমেয়েদের মাঝে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। এর মাধ্যমে বাল্যবিয়েবিরোধী একেকজন স্বেচ্ছাসেবক হিসেবে তৈরি করছি। এই শক্তি কাজ করলে এলাকায় বাল্যবিয়ে অনেকাংশেই কমে আসবে।’