মাগুরায় বাস–পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাগুরায় একটি বাস ও সবজিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের আবুল কাশেম মোল্লা (৪৫) ও নড়াইল সদর উপজেলার বিমল দাস (৭০)। তাঁরা দুজনই বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে আবুল কাশেম মোল্লাকে আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বিমল দাসের লাশ উল্টে যাওয়া বাসের নিচ থেকে উদ্ধার করা হয়।
রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর ফুলকপি নিয়ে পিকআপ ভ্যানটি ঝিনাইদহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে সাঁইত্রিশ এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি মহাসড়কের ওপরে আর বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, বিমল দাস নামের ওই ব্যক্তি বাসের নিচে চাপা পড়েন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে চারটা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।