মাগুরায় শনাক্ত দ্বিতীয়জনও ঢাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

মাগুরায় আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তির (২৪) বাড়ি শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে।

এর আগে গতকাল বুধবার সদর উপজেলার একটি গ্রামে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্ত দুজনই গত ১৭ এপ্রিল একসঙ্গে ঢাকার আশুলিয়া থেকে মাগুরায় আসেন। তাঁদের সঙ্গে আরও আটজন গাজীপুর থেকে ঢাকায় এসেছেন। অবশ্য গতকাল তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা গাজীপুর থেকে এসেছেন।

মাগুরা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, ওই দিন আশুলিয়া থেকে একসঙ্গে দশজন মাগুরায় আসেন। এর মধ্যে একই পরিবারের চারজন সদর উপজেলার, শ্রীপুর উপজেলার তিনজন আর বাকি তিনজন মহম্মদপুর উপজেলার। সদর উপজেলার ওই গ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর বুধবার বাকিদের নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুরের নাকোল ইউনিয়নে একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে। বাকিদের ফলাফল এখনো এসে পৌঁছেনি।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, আক্রান্তরা সবাই শারীরিকভাবে সুস্থ থাকায় তাদের নিজেদের বাড়িতেই কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়মিত তাদের খোঁজ-খবর রাখছেন।

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির জানিয়েছেন, গতকাল খবর পাওয়ার পরপরই ওই ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়। এখন পুরো গ্রাম লকডাউন করা হচ্ছে। এদিকে গতকালই সদর উপজেলার গ্রামটি লকডাউন ঘোষণা করে প্রশাসন।