মাগুরায় স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্টের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত ওই ব্যক্তি শারীরিকভাবে সুস্থ আছেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৫ এপ্রিল পার্শ্ববর্তী যশোরের বাঘারপাড়া উপজেলার মসজিদের এক ইমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসেন। সন্দেহ হলে তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। পরদিন তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এ ঘটনায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে গতকাল বৃহস্পতিবার একজন মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪। বাকি তিনজন সদর ও শ্রীপুর উপজেলায়। তাঁরা সবাই আশুলিয়া ও নরসিংদী থেকে আসা পোশাককর্মী।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত ব্যক্তি রেডিওলজি বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। তাঁর মধ্যে কোনো উপসর্গ নেই এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। নমুনা পাঠানোর পর থেকে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। এখন সেখানেই কোয়ারেন্টিনে আছেন। জেলায় আক্রান্ত বাকি ব্যক্তিরা সুস্থ ও বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

অবশ্য আইইডিসিআরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, মাগুরা জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৭। এ বিষয়ে সিভিল সার্জন জানিয়েছেন, বাঘারপাড়ার ওই ইমামসহ মাগুরা থেকে পাঠানো নমুনার মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। বাকি দুজনের বিষয়ে তাঁদের কাছে তথ্য নেই। আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়েছে।