মাঘের শেষে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
শৈত্যপ্রবাহ কেটে তাপমাত্রা কিছুটা বাড়লেও মাঘের শেষ দিকে এসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনের বেলাও অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আজ শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তবে উত্তরের হিমেল বাতাস কিছুটা কমে গেলেও মেঘ আর ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। দুপুর ১২টার দিকে সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা অনুভূত হয়নি। এর আগে গত বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে দিনের বেলা দেখা দিয়েছিল ঝলমলে রোদ। এর পর থেকে ধীরে ধীরে তেঁতুলিয়ার আকাশে মেঘ জমতে শুরু করায় তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে।
এরপর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল না। ওই দিন সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যার পর থেকে উত্তরের আকাশে মেঘ জমে রাতে বিচ্ছিন্নভাবে জেলার কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে বেড়ে যায় শীতের অনুভূতি। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশার পরিমাণ। চারদিকে ঢেকে যাওয়া ঘন কুয়াশা থাকে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এতে তীব্র শীত অনুভূত হওয়ায় কিছুটা বিপাকে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ।
আজ সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার মাহানপাড়া এলাকার কৃষিশ্রমিক মনসুর আলী বলেন, ‘দুই দিন ধরে আমরা বোরো ধানের চারা রোপণ করছি। কিন্তু আজ সকাল থেকে কুয়াশা আর ঠান্ডা বেশি। সকালে বেশি ঠান্ডার কারণে কাজে আসতে দেরি হয়েছে। তারপরও ঠান্ডা পানিতে নেমে কাজ করতে কষ্ট হচ্ছে।’
একই এলাকার কৃষক জসিম উদ্দিন বলেন, ‘কয়েক দিন থেকে আবহাওয়াটা বেশ ভালোই ছিল। কিন্তু আজ সকালে এত কুয়াশা কোনো কিছুই দেখা যায় না। বোরো ধান লাগাতে তো পানিতে নেমে কাজ করতে হয়। ঠান্ডার কারণে শ্রমিকদেরও কষ্ট আমাদেরও কষ্ট।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে তেঁতুলিয়ার আকাশের আট ভাগের চার ভাগই মেঘে ঢাকা। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা কিছুটা দেরিতে মিলেছে। এতে দিনের বেলা শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। লঘুচাপের কারণে আকাশে এমন মেঘের সৃষ্টি হয়েছে। গতকাল রাতে জেলার কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে তা তেঁতুলিয়ায় রেকর্ড হয়নি। ১৮ ফেব্রুয়ারির পর থেকে এই এলাকার তাপমাত্রা বাড়তে থাকবে।