মাছ চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
চেয়ারম্যানের পুকুরে গতকাল সোমবার রাতে জাল ফেলে মাছ চুরি করেছেন, এমন অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। গতকাল রাত তিনটার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জসীম শেখ (৩৫)।
পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রতনপুর গ্রামের মাঠে বেশ কয়েক বিঘা জমিতে চেয়ারম্যান আইয়ুব আলীর মাছ চাষের পুকুর রয়েছে। গতকাল রাতের কোনো এক সময় জসীম ওই পুকুরে মাছ ধরেছেন—এমন খবর শোনার পর চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে তাঁকে নিজের বাড়িতে ধরে আনান। এ সময় তাঁকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন রাতেই তাঁকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান সোহেল বলেন, জসীম নামে একজন রাতে ভর্তি হন। তাঁর মাথা, বুক ও পায়ে মারাত্মক জখম ছিল।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের বাড়িতে জসীমকে পিটিয়ে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চেয়ারম্যান পলাতক। চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
খোকসা ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।