মাছের আড়ত নিয়ন্ত্রণে শিহাব হত্যা, মামলায় দাবি স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শাজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা শিহাব উদ্দিন ওরফে বাবু (৩২) হত্যায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন তাঁর স্ত্রী মোছা. রুমি আক্তার। মামলার এজাহারে হত্যাকাণ্ডের কারণ হিসেবে মাছের আড়তের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।

বগুড়ার মানচিত্র

সোমবার সন্ধ্যায় রুমি আক্তার শাজাহানপুর থানায় ওই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। তবে এজাহারনামীয় আসামিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

রাতে মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাবরুল বাজারে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় শিহাব উদ্দিনকে। শিহাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ৪ এপ্রিল শাবরুল এলাকায় খুন হন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আবু বকর সিদ্দিক (২৩)। আবু বকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন শিহাব উদ্দিন।

মামলার এজাহারে রুমি আক্তার উল্লেখ করেন, শাবরুল বাজারে মাছের আড়ত পরিচালনা করতেন তাঁর স্বামী। এই আড়তের কর্তৃত্ব নিয়ে বিরোধ ছিল আসামিদের সঙ্গে। বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়।