মাছের ঘেরে মিলল এক কেজি ক্রিস্টাল মেথ
কক্সবাজারের টেকনাফে মাছের ঘের থেকে ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁদের দাবি, জব্দ করা ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী খারাংখালীর ৬ নম্বর পোস্টের দক্ষিণে নুর কবিরের মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় গত সোমবার দিবাগত রাতে ওই ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করে বিজিবি। এ ঘটনায় মাছের ঘেরমালিককে পলাতক আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের বিষয়টি জানতে পেরেছেন। তবে এখনো মামলা করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।