মাছের ঘেরের পানিতে ভাসছিল মুদিদোকানির মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে একটি মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় এক মুদিদোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণপুর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের নাম বিল্লাল হোসেন (৪০)। তিনি উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আবদুল সরদারের ছেলে। উপজেলার নেংগুড়াহাট বাজারে তাঁর একটি মুদিদোকান রয়েছে।

স্থানীয় লোকজন জানান, মনিরামপুর উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বল হোসেনের মাছের ঘেরের পানিতে আজ বিকেলে বিল্লাল হোসেনের মরদেহ ভাসছিল। এলাকাবাসী দেখে পুলিশে খবর দেন। সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রাতে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

গতকাল শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে বিল্লাল হোসেনের ঝগড়া হয়। এরপর তিনি দোকানে চলে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি।

পুলিশ জানায়, ব্যবসা করতে গিয়ে বিল্লাল হোসেন ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর তিনি দোকানে চলে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে উজ্জ্বল হোসেনের মাছের ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।

রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, বিল্লাল হোসেনের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ঋণের দায়ে বিল্লাল হোসেন কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।