মাঝারি বৃষ্টিতেই ঢাকায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি থেকে ভারী—যে পরিমাণই বৃষ্টি হোক না কেন, জলজট এবং স্থায়ী–অস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রাজধানীবাসীর মুক্তি নেই। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৭ মিলিমিটারের বৃষ্টিতেই তুলনামূলক উঁচু এলাকাও তলিয়ে গিয়েছিল।
জলাবদ্ধতার কারণে গতকাল সাপ্তাহিক সরকারি ছুটির দিনে রাজধানীতে দিনভর ছিল যানজট, ভোগান্তিতে পড়ে নগরবাসী। বিভিন্ন এলাকা ঘুরে এবং সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পরিমাণ ও স্থায়িত্বের ওপর নির্ভর করে বৃষ্টিপাতের ধরন। ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলো ভারী বৃষ্টি, ২২-৪৪ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৮-২২ মিলিমিটার মাঝারি এবং এর নিচে হলে তা হালকা বৃষ্টি বলে অভিহিত করা হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকালের বৃষ্টি ছিল মাঝারি ধরনের ভারী। আর এ সময়ে অতি ভারী কিংবা হালকা বৃষ্টি স্বাভাবিক।
কিন্তু সেই স্বাভাবিক বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ছে নগরবাসী। ঢাকায় ১১ জুন ৬৪ মিলিমিটার, ১৪ জুন ৫ মিলিমিটারের বৃষ্টিতে বিভিন্ন স্থানে স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতা ও জলজটের সৃষ্টি হয়। তা স্বীকারও করলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।
গতকাল ভোর থেকে ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫ মিলিমিটার। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর সঙ্গে যোগ হয় আরও ১২ মিলিমিটার।
এমন বৃষ্টিতেই মতিঝিল, দিলকুশা, গুলিস্তান, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, বেইলি রোডের মতো তুলনামূলক উঁচু স্থানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাদ ছিল না পুরান ঢাকা, ডেমরা থেকে টঙ্গী পর্যন্ত পূর্বাঞ্চলীয় এলাকা, বৃহত্তর মিরপুরও।
দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়। সাধারণ বীমা ভবনের সামনের রাস্তাসহ দিলকুশার বিভিন্ন এলাকা, গুলিস্তান পার্কের পাশের রাস্তা থেকে জয়কালী মন্দির পর্যন্ত পানিতে সয়লাব ছিল। তলিয়ে ছিল পুরান ঢাকার লক্ষ্মীবাজার, শ্যামবাজার, সোয়ারী ঘাট, পূর্বাঞ্চলীয় এলাকা মুগদাপাড়া, বাসাবো, সিপাহীবাগ, গোড়ান, রামপুরা। প্রগতি সরণি এলাকায় আগের বছরগুলোতে এমন জলাবদ্ধতা দেখা না গেলেও গতকাল ওই সড়ক ও যমুনা ফিউচার পার্ক এলাকায় পানি জমতে দেখা গেছে।
টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকা থেকে আনসার ক্যাম্প এবং পূর্বদিকে সেন্ট্রাল উইমেনস কলেজের সামনে পর্যন্ত পানি জমে ছিল।
আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে প্রায় চার মাস আগে এখানকার রাস্তা খুঁড়ে মোটা পাইপ বসায়। প্রায় দেড় মাস বন্ধ করে রাখা হয়েছিল রাস্তাটি। তারা বলেছিল, বর্ষায় এলাকায় আর জলাবদ্ধতা হবে না। কিন্তু আধঘণ্টার বৃষ্টিতেই এখানে পানি জমে। গতকাল তা স্থায়ী হয় সাত-আট ঘণ্টা পর্যন্ত।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর অঞ্চলের সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম প্রথম আলোকে বলেন, অন্য এলাকার পানির প্রবাহ আসায় জলাবদ্ধতা হয়েছে।
রাজারবাগ শান্তিনগর এলাকায় সকাল সোয়া নয়টার মধ্যে পানি জমে যায়। সেখানে রিকশা উল্টে দুজন আরোহী আহত হন গতকাল দুপুর সোয়া ১২টার দিকে। পীরের গলির বাসিন্দা অমিতাভ জানান, গলির কাছে শান্তিনগর-রাজারবাগ সড়কে গত মঙ্গলবার একটি পটহোল (আরসিসি গর্ত) ভেঙে যায়। পরে সেটি রাস্তার তুলনায় উঁচু করে মেরামত করে ডিএসসিসি। সার্কিট হাউস রোড, শান্তিনগর মোড়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনসের সামনে বিকেল পাঁচটায়ও পানি জমে থাকতে দেখা যায়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রাজধানীর পানি ধারণক্ষেত্রগুলো ভরাট হয়ে যাওয়ায় পাম্প থাকা সত্ত্বেও সময়মতো নিষ্কাশন করা যায়নি। রাজারবাগ-শান্তিনগর ও আশপাশের এলাকায় জমে যাওয়া পানি ফেলার মতো খোলা জলাশয় বা জায়গা নেই। আগে বাংলাদেশ ব্যাংকের পেছনে জলাশয় ছিল। মুগদাপাড়ায়ও ছিল। সেগুলো এখন নেই।
নগরের প্রাথমিক ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় আগের বছরগুলোর তুলনায় এবার অতিরিক্ত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে বিশেষজ্ঞ ও ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।
ছুটির দিনেও যানজট: বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গতকাল আরামবাগ থেকে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল পর্যন্ত যানজট ছিল দিনভর। যানজটে নাকাল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে মগবাজার রেলক্রসিং, টঙ্গী ডাইভারসন রোড, তেজগাঁও হয়ে মহাখালী, রামপুরা সেতু এলাকা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট এলাকা, মিরপুর রোড, কলাবাগান, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, গ্রিন রোড ও ফার্মগেট এলাকা।
যানজটের মধ্যে পল্টন মডেল থানার সামনে বিকেল পাঁচটার দিকে কথা হয় বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ফয়সল আকবরের সঙ্গে। তিনি বলেন, মিরপুরে আত্মীয়ের বাড়িতে ইফতারের দাওয়াতে যাবেন বলে বিকেল চারটার দিকে আরামবাগ এলাকা থেকে তিনি সপরিবারে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ফকিরাপুল সিগন্যালে প্রায় ১৫ মিনিট আটকে থাকে অটোরিকশা। এখন পল্টন থানার সামনে প্রায় ৪৫ মিনিট ধরে যানজটের মধ্যে আছেন।